আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী সামনে রেখে এবার ৫ জেলায় বিজিবি মোতায়েন করেছে সরকার।
সোমবার (২২ জুন) বিজিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কক্সবাজার, মাদারীপুর, শেরপুর, গাজীপুর ও মৌলভীবাজারে ৩০ জুন পর্যন্ত বিজিবির সদস্যরা দায়িত্ব পালন করবে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশের অভ্যন্তরীণ আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং সম্ভাব্য নিরাপত্তা ঝুঁকি মোকাবেলায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশে ৫ জেলায় বিজিবি মোতায়েন করা হয়েছে।
এছাড়া, অন্যান্য জেলায় প্রয়োজন অনুযায়ী তাৎক্ষণিকভাবে মোতায়েনের জন্য বিজিবি সদস্যরা ‘স্ট্যান্ডবাই’ থাকবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।
আওয়ামী লীগের ২৩ জুনের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে তৎপরতা বৃদ্ধি করেছে আইনশৃঙ্খলা বাহিনী। বেশ কয়েকদিন ধরেই দলটির নেতাকর্মীদের সভা-সমাবেশ-মিছিল ও গ্রেপ্তারের খবর মিডিয়ায় উঠে আসছে।
এর আগ, সোমবার ঢাকা, চট্টগ্রাম ও গাজীপুর মহানগর এবং নারায়ণগঞ্জ, গোপালগঞ্জ ও ফরিদপুর জেলায় সেনাবাহিনী মোতায়েন করে সরকার। এসব জেলায় সেনা কর্মকর্তাদের ম্যাজেস্ট্রেসি ক্ষমতাও দেওয়া হয়।
এছাড়াও, পুলিশ সদর দপ্তর থেকে একটি ‘জরুরি বার্তা’ পাঠানো হয় মাঠপর্যায়ে। সারাদেশে পুলিশকে প্রয়োজনীয় সতর্কতার পাশাপাশি নিরাপত্তামূলক ব্যবস্থা নিতে নির্দেশনা দিয়েছে পুলিশের সদর দপ্তর।



