Saturday, August 15, 2026

সেকশন

English
Dhaka Tribune

খুলনায় স্টুডিওর আড়ালে জাল টাকার কারখানা, গ্রেপ্তার ৩

তাদের কাছ থেকে জাল টাকাসহ সরঞ্জাম জব্দ করা হয়েছে

আপডেট : ১৫ আগস্ট ২০২৬, ০৭:০৬ পিএম

খুলনার দৌলতপুরে একটি স্টুডিওর ভেতরে জাল টাকা তৈরির গোপন কারখানার সন্ধান পেয়েছে পুলিশ। জাল নোট তৈরি ও সরবরাহের অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং তাদের কাছ থেকে জাল টাকাসহ নোট তৈরির সরঞ্জাম জব্দ করা হয়েছে।

গ্রেফতারকৃতরা হলেন দৌলতপুরের পুরাতন সাতক্ষীরা রোডের বাসিন্দা কাজী মিনহাজ করিম অমিত (৩২), দৌলতপুর আঞ্জমান রোডের  শেখ ইমতিয়াজ কবির (৩৮) এবং আলিমুজ্জামান আশিক (৩০)।

পুলিশ সূত্রে জানা গেছে, দৌলতপুর থানাধীন পুরাতন সাতক্ষীরা রোডে আসামি কাজী মিনহাজ করিম অমিতের দোতলা বাসভবনের স্টুডিও কক্ষেই এই জাল টাকার কারখানার সন্ধান মেলে। গোপন সংবাদের ভিত্তিতে ১৩ আগস্ট রাতে ওই স্টুডিওতে অভিযান চালিয়ে হাতেনাতে তিনজনকে গ্রেপ্তার করে পুলিশ। অভিযুক্তরা পরস্পর যোগসাজশে এসব সরঞ্জাম ব্যবহার করে জাল টাকা তৈরি করে বিভিন্ন স্থানে সরবরাহ করে আসছিলেন বলে জানা গেছে।

তল্লাশিকালে স্টুডিও থেকে ৯ হাজার ৫০০ জাল টাকা, নোট তৈরির কাজে ব্যবহৃত একটি ল্যাপটপ, একটি হার্ডডিস্ক এবং একটি স্ক্যানারসহ প্রিন্টার জব্দ করা হয়। এ ঘটনায় দৌলতপুর থানায় নিয়মিত মামলা (এফআইআর নং-৮, তারিখ ১৪ আগস্ট, জিআর নং-১০৩, ধারা-২৫) করা হয়েছে।

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুরাদুল ইসলাম বলেন, “গ্রেপ্তারকৃতরা দীর্ঘদিন ধরে পারস্পরিক যোগসাজশে এসব সরঞ্জাম দিয়ে জাল টাকা তৈরি করে বিভিন্ন স্থানে সরবরাহ করছিলেন। এ ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকা যে কাউকে আইনের আওতায় এনে ব্যবস্থা নেওয়া হবে।”

   

About

Popular Links

x