নারায়ণগঞ্জের ফতুল্লা উপজেলার ইসদাইরে মাদক ও সন্ত্রাসবিরোধী অভিযান পরিচালনার সময় মাদককারবারিদের সঙ্গে পুলিশের গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে তিন পুলিশ সদস্যসহ ৪ জন আহত হয়েছে।
শনিবার (১৫ আগস্ট) দুপুর সোয়া ৩ টার দিকে ইসদাইর রেলস্টেশনের পাশে আরবান স্কুলের সামনে এ ঘটনা ঘটে।
আটক দুজন হলেন-ফতুল্লার জসিম (২৪) ও মোহন (২৩)। এদের মধ্যে জসিম গুলিবিদ্ধ হয়েছেন।
আহত তিন পুলিশ সদস্যরা হলেন- ফতুল্লা মডেল থানার উপপরিদর্শক (এসআই) মো. রফিক, উপপরিদর্শক (এসআই) নন্দন চন্দ্র সরকার এবং কনস্টেবল রাশিদুল। আহতদের নারায়ণগঞ্জ শহরের খানপুর ৩শ’ শয্যা বিশিষ্ট হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, দুপুর সোয়া ৩ টার দিকে মাদক ও সন্ত্রাসবিরোধী অভিযানের অংশ হিসেবে ফতুল্লার ইসদাইর এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় মাদক ব্যবসায়ী ও অস্ত্রধারী জসিম ও মোহনসহ ৭ থেকে ৮ জনের একটি দল পুলিশকে লক্ষ্য করে বেশ কয়েক রাউন্ড গুলি ছোড়ে।
আত্মরক্ষার্থে ফতুল্লা মডেল থানার উপপরিদর্শক (এসআই) মো. রফিক ও উপপরিদর্শক (এসআই) নন্দন চন্দ্র সরকার তাদের সরকারি পিস্তল থেকে আট রাউন্ড গুলি ছোড়েন। এতে মাদক ব্যবসায়ী ও অস্ত্রধারী জসিম গুলিবিদ্ধ হয়। এছাড়া এ ঘটনায় তিন পুলিশ সদস্যও আহত হয়েছেন। এ সময় পুলিশ অভিযান চালিয়ে বিদেশি পিস্তল ও ম্যাগাজিনসহ দুই মাদক ব্যবসায়ী জসিম ও মোহনকে আটক করে। তাদের মধ্যে আহত জসিম সহ তিন পুলিশ সদস্যকে নারায়ণগঞ্জ শহরের ৩শ’ শয্যা বিশিষ্ট হাসপাতালে পাঠানো হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদী বলেন, “মাদক ব্যবসায়ীদের গ্রেপ্তারের সময় তাদের ৭-৮ জনের একটি দল পুলিশকে লক্ষ্য করে গুলি করে। আত্মরক্ষার্থে পুলিশ পাল্টা গুলি ছুড়েছে। এতে একজন গুলিবিদ্ধ হয়েছে। এছাড়া পুলিশের তিনজন আহত হয়েছে। তাদের হাসপাতালে পাঠানো হয়েছে। অপর আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।



