যুক্তরাষ্ট্র-ইরানের সংঘাতের কারণে দীর্ঘ সাড়ে তিন মাস (১১৫ দিন) পারস্য উপসাগর এলাকায় আটকে থাকার পর অবশেষে হরমুজ প্রণালি অতিক্রম করেছে বাংলাদেশ শিপিং করপোরেশনের (বিএসসি) মালিকানাধীন জাহাজ ‘এমভি বাংলার জয়যাত্রা’।
সোমবার (২২ জুন) দিবাগত রাত তিনটার দিকে জাহাজটি হরমুজ প্রণালি পার হয়। বর্তমানে জ্বালানি গ্রহণের জন্য সংযুক্ত আরব আমিরাতের ফুজাইরা বন্দরের দিকে অগ্রসর হচ্ছে। জাহাজটির পরবর্তী বাণিজ্যিক গন্তব্য দক্ষিণ আফ্রিকা।
বিএসসির ব্যবস্থাপনা পরিচালক কমোডর মাহমুদুল মালেক বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, ৩১ জন বাংলাদেশি নাবিক ও ক্রুকে নিয়ে জাহাজটি নিরাপদে হরমুজ প্রণালি অতিক্রম করেছে। জাহাজের অতিরিক্ত চিফ অফিসার প্রণয় সাহাও ক্ষুদে বার্তায় এ তথ্য নিশ্চিত করেছেন।
বিএসসির তথ্যমতে, গত ২ ফেব্রুয়ারি জাহাজটি হরমুজ হয়ে পারস্য উপসাগরে প্রবেশ করে। পরে কাতারের একটি বন্দর থেকে স্টিল কয়েল বোঝাই করে ২৭ ফেব্রুয়ারি সংযুক্ত আরব আমিরাতের জাবেল আলী বন্দরে পৌঁছায়। পরদিন যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও ইরানের মধ্যে সংঘাত শুরু হলে হরমুজ প্রণালি দিয়ে বাণিজ্যিক জাহাজ চলাচলে কঠোর নিয়ন্ত্রণ আরোপ করা হয়।
এরপর গত ১১ মার্চ জাবেল আলীতে পণ্য খালাসের পর জাহাজটির কুয়েতে যাওয়ার কথা থাকলেও নিরাপত্তাজনিত কারণে বিএসসি সেটিকে সংঘাতপূর্ণ এলাকা থেকে সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নেয়। সৌদি আরবের রাস আল খায়ের বন্দর থেকে ৩৭,০০০ টন সার বোঝাই করে দক্ষিণ আফ্রিকার কেপটাউনের উদ্দেশ্যে যাত্রার প্রস্তুতি নেয় জাহাজটি। তবে হরমুজ প্রণালি বন্ধ থাকায় সেটি বন্দরে আটকে পড়ে।
পরে যুদ্ধবিরতির ঘোষণা এলে গত ৮ এপ্রিল জাহাজটি রাস আল খায়ের ত্যাগ করলেও ১০ এপ্রিল হরমুজ অতিক্রমের সময় ইরানি কোস্ট গার্ডের বাধার মুখে পড়ে। এরপর জাহাজটি ওমানের মিনা সাকার বন্দরের বহির্নোঙরে আশ্রয় নেয়।
এরপর ইরান বাণিজ্যিক জাহাজের জন্য হরমুজ প্রণালি খুলে দিলে ১৭ এপ্রিল একবার সংযুক্ত আরব আমিরাতের মিনা সাকার বন্দর থেকে প্রণালির দিকে রওনা হয়েছিল ‘বাংলার জয়যাত্রা’। পরদিন প্রণালি পাড়ির ‘অনুমতি না পেয়ে’ আবার মিনা সাকার বন্দরে ফিরে যায় জাহাজটি।
আগের তিনবারের চেষ্টা ব্যর্থ হলেও এবার সফলভাবে হরমুজ প্রণালি অতিক্রম করতে সক্ষম হল ‘বাংলার জয়যাত্রা’। এর মধ্য দিয়ে পারস্য উপসাগরে যুদ্ধ পরিস্থিতিতে এক রুদ্ধশ্বাস যাত্রার অবসান হলো এবং স্বস্তি ফিরে পেলেন জাহাজটির ক্রু ও সংশ্লিষ্টরা।