Wednesday, August 19, 2026

সেকশন

English
Dhaka Tribune

সীতাকুণ্ডের সেই শিপ-ইয়ার্ডকে ৫ লাখ টাকা জরিমানা

এর আগে, গত ১৪ আগস্ট জাহাজ কাটার সময় বিষাক্ত গ্যাসে ৯ জন শ্রমিক মারা যান 

আপডেট : ১৯ আগস্ট ২০২৬, ০৭:৪৩ পিএম

চট্টগ্রামের সীতাকুণ্ডের ভাটিয়ারীর ফেরদৌস শিপ রিসাইক্লিং ইয়ার্ডে বিষাক্ত গ্যাসে ৯ জন শ্রমিকের মৃত্যুর ৫ দিন পর জানা গেল ওই শিপ ইয়ার্ডে পরিবেশগত ছাড়পত্রের মেয়াদ ছিল না। 

বুধবার (১৯ আগস্ট) পরিবেশ অধিদপ্তরের শুনানিতে প্রতিষ্ঠানটিকে ৫ লাখ টাকা জরিমানা করা হয়। একইসঙ্গে ছাড়পত্র নবায়ন না হওয়া পর্যন্ত ইয়ার্ডে জাহাজ কাটার কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। 

পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের পরিচালক জমির উদ্দিন এ তথ্য নিশ্চিত করে বলেন, ‘‘পরিবেশগত ছাড়পত্রের মেয়াদ শেষ হওয়ার পরও নবায়ন না করে জাহাজ কাটার কাজ পরিচালনা করে আসছিল ফেরদৌস শিপ রিসাইক্লিং ইয়ার্ড। প্রতিষ্ঠানটির অনুকূলে ইস্যু করা পরিবেশগত ছাড়পত্রের মেয়াদ শেষ হয় গত ১২ আগস্ট। এরপরও প্রতিষ্ঠানটি ‘এমটি রাসি’ নামের একটি পুরোনো জাহাজ কাটার কাজ করছিল।’’ 

এ কারণে বুধবার শুনানি শেষে ফেরদৌস শিপ রিসাইক্লং ইয়ার্ডকে পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫ এর বিভিন্ন ধারায় ৫ লাখ টাকা জরিমানা করা হয়েছে। জরিমানার অর্থ সাত কর্মদিবসের মধ্যে সরকারি কোষাগারে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে বলে জানান তিনি।  

এর আগে, গত ১৪ আগস্ট সকালে ফেরদৌস শিপ রিসাইক্লিং ইয়ার্ডে জাহাজ কাটার সময় বিষাক্ত গ্যাসে ৯ জন শ্রমিক মারা যান। এ ঘটনায় আহত হয় অন্তত ১০ জন।

এ ঘটনার কারণ অনুসন্ধানে শিল্প মন্ত্রণালয়, চট্টগ্রাম জেলা প্রশাসন এবং বাংলাদেশ শিপ ব্রেকিং অ্যান্ড রিসাইক্লিং বোর্ড (বিএসবিআর) পৃথক তিনটি তদন্ত কমিটি গঠন করেছে। 

শিল্প মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিবের নেতৃত্বে ১১ সদস্যের কমিটি, জেলা প্রশাসনের ৯ সদস্যের কমিটি এবং বিএসবিআরের ৫ সদস্যের কমিটি ইতোমধ্যে কাজ শুরু করেছে। ইতিমধ্যে মন্ত্রণালয়ের উচ্চ পর্যায়ের টিম ঘটনাস্থল পরিদর্শন করেছে। 

   

About

Popular Links

x