ধানমন্ডি ৩২ নম্বর এলাকায় জামায়াতে ইসলামীর নেতা-কর্মীরা বিক্ষোভ শেষে ‘আওয়ামী লীগের দোসর’ আখ্যা দিয়ে এক সাংবাদিককে পিটুনি দিচ্ছেন এমন ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ আলোচিত হয়েছে।
মঙ্গলবার (২৩ জুন) সকাল সাড়ে ৮টার দিকে ধানমন্ডি ৩২ নম্বর এলাকায় এ ঘটনা ঘটে। হামলায় গুরুতর আহত দৈনিক সকালের রিপোর্টার মাহফুজুর রহমান শিশিরকে উদ্ধার করে চিকিৎসার জন্য বাংলাদেশ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান উপস্থিত সংবাদকর্মীরা।
এ ঘটনায় আরও আহত হন দ্য নিউজের মাল্টিমিডিয়া রিপোর্টার মারুফ হোসেন। এছাড়া অন্তত ১০ জন মাল্টিমিডিয়ার সাংবাদিক হেনস্তার শিকার হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনকালে যে হামলা হয়েছে তা পর্যালোচনার সিদ্ধান্ত নিয়েছে জামায়াতে ইসলামী।
মঙ্গলবার (২৩ জুন) বিকালে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি এহসানুল মাহবুব জুবায়ের এক বিবৃতিতে সংবাদকর্মীদের ওপর হামলাকে ‘অনাকাঙ্ক্ষিত, অনভিপ্রেত ও দুঃখজনক’ বর্ণনা করে গভীর দুঃখ প্রকাশ করেন।
দলটি বলেছে, এ ঘটনায় তাদের কোনো কর্মীর সম্পৃক্ততা পেলে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে, আহত সাংবাদিক মাহফুজুর রহমান শিশিরের সঙ্গে সাক্ষাৎ করে তাকে সান্ত্বনা দিয়েছেন ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতের সহকারী প্রচার সম্পাদক আবদুস সাত্তার সুমন।
আবদুস সাত্তার সুমন সংবাদমাধ্যমকে বলেন, “ধানমন্ডির ঘটনাটি ‘অনাকাঙ্ক্ষিত’ ও ‘ভুল বুঝাবুঝির’ কারণে হয়েছে। সাংবাদিক শিশির সবসময় আমাদের প্রোগ্রাম কভার করেন।”
এর আগে, পুরো ঘটনাটিকে ‘অনাকাঙ্ক্ষিত’ বলে দাবি করেন ধানমন্ডি থানা জামায়াতের কর্মপরিষদ সদস্য মুজিবুর রহমান খান।