দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের সঙ্গে রাজধানীর যোগাযোগ ব্যবস্থায় বড় পরিবর্তন আনা পদ্মা বহুমুখী সেতুর উদ্বোধনের চার বছর পূর্ণ হয়েছে। এ সময়ে সেতুটি ব্যবহার করেছে প্রায় ২ কোটি ৬৭ লাখ যানবাহন। একই সময়ে টোল থেকে আয় হয়েছে ৩ হাজার ৩৯৪ কোটি ৪৫ লাখ টাকার বেশি।
বৃহস্পতিবার (২৫ জুন) পদ্মা সেতু সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী আবু সাদ নিলয় এসব তথ্য নিশ্চিত করেছেন।
আবু সাদ নিলয় জানান, ২০২২ সালের ২৫ জুন উদ্বোধনের পর থেকে ২০২৬ সালের ২৩ জুন পর্যন্ত সেতু দিয়ে মোট ২ কোটি ৬৭ লাখ ১৫ হাজার ২৩১টি যানবাহন চলাচল করেছে। এ সময়ে টোল আদায় হয়েছে ৩ হাজার ৩৯৪ কোটি ৪৫ লাখ ২২ হাজার ৫০০ টাকা।
সেতু চালুর প্রথম বছর ২০২২ সালে ২৭ লাখ ৯০ হাজার ৪৬৫টি যানবাহন পারাপার হয়। এতে টোল আদায় হয় ৪০২ কোটি ৯৬ লাখ ৩৩ হাজার ১৫০ টাকা।
২০২৩ সালে যানবাহন চলাচল বেড়ে দাঁড়ায় ৬২ লাখ ৫৭ হাজার ৪৯৪টিতে। ওই বছর টোল আয় হয় ৮১৪ কোটি ৬৮ লাখ ১৭ হাজার ৬০০ টাকা।
পরবর্তী বছর ২০২৪ সালে পদ্মা সেতু ব্যবহার করে ৬৭ লাখ ৩৪ হাজার ৯০৪টি যানবাহন। এ সময় টোল আদায় হয় ৮৩৬ কোটি ৪৫ লাখ ৩৬ হাজার ১০০ টাকা।
২০২৫ সালে সেতুতে যান চলাচল সর্বোচ্চ পর্যায়ে পৌঁছে। ওই বছর ৭২ লাখ ৪১ হাজার ৫৮৭টি যানবাহন সেতু পার হয় এবং টোল আদায় হয় ৮৮৮ কোটি ৮১ লাখ ৬৫ হাজার ৬৫০ টাকা।
চলতি বছর ২০২৬ সালের ২৩ জুন পর্যন্ত ৩৬ লাখ ৯০ হাজার ৭৮১টি যানবাহন পদ্মা সেতু অতিক্রম করেছে। এতে টোল আদায় হয়েছে ৪৫১ কোটি ৫৩ লাখ ৭০ হাজার টাকা।
সংশ্লিষ্টরা বলছেন, পদ্মা সেতু চালুর পর শুধু দেশের যোগাযোগ ব্যবস্থায় পরিবর্তন আসেনি, দক্ষিণ-পশ্চিমাঞ্চলের অর্থনৈতিক কর্মকাণ্ডেও নতুন গতি তৈরি হয়েছে। সহজ ও দ্রুত যোগাযোগের কারণে এ রুটে যান চলাচল ধারাবাহিকভাবে বাড়ছে।
উল্লেখ্য, ২০২২ সালের ২৫ জুন পদ্মা সেতুর উদ্বোধন করা হয়। পরদিন ২৬ জুন থেকে যান চলাচলের জন্য খুলে দেওয়া হয় ৬ দশমিক ১৫ কিলোমিটার দীর্ঘ এই সেতু।