সিলেটের হজরত শাহজালাল (রহ.) মাজারের দানের অর্থের ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরকে প্রধান করে ১২ সদস্যের কমিটি গঠন করা হয়েছে।
আগামী এক মাসের মধ্যে মাজারের আর্থিক ব্যবস্থাপনার জন্য একটি যৌক্তিক ও গ্রহণযোগ্য কাঠামোর সুপারিশ করবে এই কমিটি।
শুক্রবার (২৬ জুন) সকালে সিলেট সার্কিট হাউসে হজরত শাহজালাল (রহ.) মাজারের ব্যবস্থাপনা ও উন্নয়ন সংক্রান্ত সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। এতে সভাপতিত্ব করেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।
খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, “মাজারে স্বচ্ছতার বিষয়ে সবাই একমত হয়েছেন। ১২ সদস্যের কমিটি এক মাসের মধ্যে মাজারের আর্থিক ব্যবস্থাপনার জন্য একটি যৌক্তিক কাঠামো নির্ধারণ করবে।”
কমিটির অন্য সদস্যরা হলেন- সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী, সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের প্রশাসক রেজাউল হাসান কয়েস লোদী, সিলেটের বিভাগীয় কমিশনার মশিউর রহমান, জেলা পরিষদের প্রশাসক আবুল কাহের শামীম, সিলেট রেঞ্জের ডিআইজি, সিলেট মহানগর পুলিশের কমিশনার, মাজারের মোতোয়াল্লি পরিবারের দুজন সদস্য এবং মাজার মাদ্রাসা ও মসজিদের দুজন প্রতিনিধি। কমিটির সচিবের দায়িত্ব পালন করবেন সিলেটের জেলা প্রশাসক।
বৈঠক শেষে বাণিজ্যমন্ত্রী জানান, দরগাহর উন্নয়ন, দানের অর্থের ব্যবস্থাপনা এবং সার্বিক কার্যক্রমের যৌক্তিক সমাধানে পৌঁছাতে সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে আলোচনা হয়েছে। আর্থিক ব্যবস্থাপনায় স্বচ্ছতা আনতে সবাই ঐকমত্যে পৌঁছেছেন এবং মাজার কর্তৃপক্ষও এতে সম্মতি দিয়েছে।
পুরো প্রক্রিয়ায় স্বচ্ছতা বজায় রাখাই মূল লক্ষ্য জানিয়ে তিনি বলেন, “আপাতত এই কমিটিই প্রচলিত নিয়ম অনুযায়ী দানের অর্থ গণনা করবে এবং তা জেলা প্রশাসকের তত্ত্বাবধানে ব্যাংক হিসাবে জমা রাখা হবে।”
সম্প্রতি শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সে জেলা প্রশাসনের সিলগালা ও প্রকাশ্যে দানের টাকা গণনাকে কেন্দ্র করে দেশজুড়ে আলোচনা-সমালোচনা শুরু হয়। এর জের ধরেই শুক্রবার অনুষ্ঠিত এ বৈঠকে কমিটি গঠন করা হলআ।
সার্কিট হাউসের এ বৈঠকে দরগাহর ঐতিহ্য, ব্যবস্থাপনা পদ্ধতি এবং উন্নয়ন কার্যক্রম আরও কার্যকর ও গ্রহণযোগ্য করার বিভিন্ন বিষয় নিয়েও আলোচনা হয়। বৈঠকে রাজনীতিবিদ, প্রশাসনের কর্মকর্তা, জনপ্রতিনিধি, মাজার কর্তৃপক্ষসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা অংশ নেন।