তৃতীয় বা পরবর্তী সন্তানের ক্ষেত্রে মাতৃত্বকালীন ছুটি ও সুবিধা সীমিত করার বিধান কেন সংবিধানবিরোধী ঘোষণা করা হবে না-এ মর্মে রুল জারি করেছেন হাইকোর্ট।
সোমবার (২৯ জুন) ফাহমিদা কাদের ও মো. আসিফ হাসান-এর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই রুল জারি করেন।
রুলে মাতৃত্বকালীন ছুটি ও সুবিধা সীমিত করার বিষয়ে বাংলাদেশ শ্রম আইন, ২০০৬-এর ৪৬(১) ও ৪৬(২) ধারা এবং সরকারি চাকরিজীবীদের ক্ষেত্রে বাংলাদেশ সার্ভিস রুলস (বিএসআর)-এর ১৯৭(১) ও ১৯৭(১এ) বিধি কেন সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক ঘোষণা করা হবে না, তা জানতে চাওয়া হয়েছে।
এ বিষয়ে মন্ত্রিপরিষদ সচিব, আইন মন্ত্রণালয়ের দুই সচিব, জনপ্রশাসন সচিব, নারী ও শিশুবিষয়ক সচিব, সমাজকল্যাণ সচিব, স্বাস্থ্যসচিবসহ সংশ্লিষ্ট ১৩ জন বিবাদীকে রুলের জবাব দিতে নির্দেশ দিয়েছেন আদালত।
রিট আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী ইশরাত হাসান। তাকে সহযোগিতা করেন তানজিলা রহমান, মো. বাহাউদ্দিন আল ইমরান এবং ইফাত হাসান শাম্মি।
গত ১৫ জুন কর্মজীবী নারীদের মাতৃত্বকালীন অধিকার নিশ্চিত করার দাবিতে জনস্বার্থে এই রিট আবেদন করা হয়।
রিটে বলা হয়, মাতৃত্বকালীন ছুটি ও সুবিধা জনসংখ্যা নিয়ন্ত্রণের কোনো ব্যবস্থা নয়; বরং এটি মা ও নবজাতকের স্বাস্থ্য, মর্যাদা, সমতা এবং সাংবিধানিক অধিকারের সঙ্গে সরাসরি সম্পর্কিত। তাই তৃতীয় বা পরবর্তী সন্তানের ক্ষেত্রে একজন কর্মজীবী নারীকে এ সুবিধা থেকে বঞ্চিত করা বৈষম্যমূলক এবং সংবিধানের সমতা ও আইনের সমান সুরক্ষার নীতির পরিপন্থী। পাশাপাশি সরকারি ও বেসরকারি খাতে ভিন্ন নীতিমালা থাকায় কর্মজীবী নারীদের মধ্যে বৈষম্য সৃষ্টি হচ্ছে বলেও রিটে উল্লেখ করা হয়েছে।