রাজধানীর শেরেবাংলা নগর থানায় বিএনপি নেতার দায়ের করা মামলায় সাবেক প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালের জামিন প্রশ্নে রুল জারি করেছেন হাইকোর্ট।
রবিবার (২৮ জুন) বিচারপতি মো. আতোয়ার রহমান ও বিচারপতি বিশ্বজিৎ দেবনাথের বেঞ্চ এ রুল জারি করেন। সংশ্লিষ্টদের আগামী ২ সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে।
দিনের ভোট রাতে করাসহ নানান অভিযোগে সাবেক ৩ সিইসিসহ ২৪ জনের নাম উল্লেখ করে ২০২৫ সালের ২২ জুন মামলা করেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য সালাহ উদ্দিন খান। মামলার পরে হাবিবুল আউয়ালকে ওই বছরের ২৫ জুন রাজধানীর মগবাজার থেকে গ্রেপ্তার করে পুলিশ।
এই মামলায় অধস্তন আদালতে বিফল হয়ে জামিন চেয়ে গত মাসে হাইকোর্টে আবেদন করেন হাবিবুল আউয়াল। তার পক্ষে হাইকোর্টে শুনানিতে অংশ নেন জ্যেষ্ঠ আইনজীবী শাহদীন মালিক, এস এম শাহজাহান ও সারা হোসেন। সঙ্গে ছিলেন আইনজীবী মো. তায়্যিব-উল-ইসলাম সৌরভ।
রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল আল ফয়সাল সিদ্দিকী ও সহকারী অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ ছফওয়ান।



