হাইকোর্ট: বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের গভর্নিং বডি নির্বাচন স্থগিত রাখা কেন অবৈধ নয়

এ সংক্রান্ত রিট আবেদনের ওপর শুনানি নিয়ে দুই বিচারপতির সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করেছেন

আপডেট : ২৩ নভেম্বর ২০২৬, ০৩:০০ পিএম

দেশের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে গভর্নিং বডির নির্বাচন স্থগিত করে বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির বিজ্ঞপ্তি কেন অবৈধ হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।

সোমবার (২৩ নভেম্বর) এ সংক্রান্ত রিট আবেদনের ওপর শুনানি নিয়ে বিচারপতি মো. তৌফিক ইনাম ও বিচারপতি মো. মাহমুদ হাসানের হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করেন।

শিক্ষা সচিব, ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যানসহ সংশ্লিষ্টদের রুলের জবাব দিতে বলা হয়েছে। আদালতে রিটের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট ইউনুছ আলী আকন্দ। আদেশের বিষয়টি তিনি সংবাদমাধ্যমকে জানান।

এর আগে গত ১৫ অক্টোবর বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির পক্ষ থেকে বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়, নিম্ন মাধ্যমিক, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটি গঠন সংক্রান্ত প্রবিধানমালা, ২০২৬ চূড়ান্ত না হওয়ায় বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানসমূহের গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটি গঠন কার্যক্রম পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থগিত রাখার জন্য অনুরোধ করা হলো।

এই বিজ্ঞপ্তির বিরুদ্ধে রিট দায়ের করেন অ্যাডভোকেট ইউনুছ আলী আকন্দ।