চালককে হত্যা করে সিএনজি অটোরিকশা ছিনতাই

বগুড়ার সারিয়াকান্দিতে যাত্রীবেশে চালক আবদুল মান্নানকে (৪৮) হত্যার পর তার সিএনজিচালিত অটোরিকশা ছিনিয়ে নেওয়া হয়েছে।

সোমবার (২৯ জুন) দুপুরে উপজেলার কামালপুর ইউনিয়নের দড়িপাড়া কৈখালী এলাকায় রাস্তার পাশে তার মরদেহ পাওয়া গেছে।

সারিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ.ফ.ম আসাদুজ্জামান এ তথ্য জানিয়েছেন।

পুলিশ ও পরিবারের সদস্যরা জানান, নিহত আবদুল মান্নান বগুড়ার গাবতলী উপজেলার বালিয়াদীঘি ইউনিয়নের মালিয়ানডাঙ্গা গ্রামের আফজাল হোসেন মোল্লার ছেলে। তিনি ইসলামী সমাজ নামে একটি রাজনৈতিক দলের বগুড়া জেলা শাখার নেতা ছিলেন।

আবদুল মান্নান বগুড়া মহানগরীর চেলোপাড়া স্ট্যান্ড থেকে সারিয়াকান্দিসহ বিভিন্ন রুটে সিএনজি অটোরিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করতেন। তিনি প্রতিদিনের মতো রবিবার সকালে অটোরিকশা নিয়ে বাড়ি থেকে বের হন।

সহকর্মীরা সর্বশেষ রাত সাড়ে ৯টার দিকে তাকে চেলোপাড়া সিএনজি অটোরিকশা স্ট্যান্ডে দেখেছেন।

এরপর আর বাড়ি না ফেরার সোমবার সকাল থেকে পরিবারের সদস্য ও সহকর্মীরা বিভিন্ন স্থানে তাকে খোঁজাখুঁজি শুরু করেন। এক পর্যায়ে বেলা ১১টার দিকে সারিয়াকান্দি উপজেলার কামালপুর ইউনিয়নের দড়িপাড়া কৈখালী বিল এলাকায় রাস্তার পাশে তার উপুড় হয়ে পড়ে থাকা মরদেহ দেখতে পাওয়া যায়।

খবর পেয়ে দুপুরে সারিয়াকান্দি থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। পরে সেখান থেকে সিএনজি অটোরিকশা চালক আবদুল মান্নানের মরদেহ উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতাল মর্গে পাঠায় পুলিশ।

সারিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ. ফ. ম. আসাদুজ্জামান জানান, যাত্রীবেশে ছিনতাইকারীরা বগুড়া মহানগরীর চেলোপাড়া স্ট্যান্ড থেকে তার সিএনজিতে ওঠে। পথিমধ্যে কোথাও তাকে শ্বাসরোধে হত্যার পর মরদেহ ওই স্থানে ফেলে সিএনজি অটোরিকশা নিয়ে গেছে। দুর্বৃত্তরা তার মোবাইল ফোনটিও নিয়ে গেছে। এ ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে।