রাজধানীর নিউমার্কেট এলাকায় ‘শীর্ষ সন্ত্রাসী’ খন্দকার নাঈম আহমেদ টিটন হত্যা মামলায় আরেক ‘শীর্ষ সন্ত্রাসী’ সুইডেন আসলামকে পাঁচ দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত।
সোমবার (২৩ নভেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. ইসমাইল শুনানি শেষে এ রিমান্ডের আদেশ দেন। প্রসিকিউশন পুলিশের উপপরিদর্শক (এসআই) মোক্তার হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে মামলার তদন্ত কর্মকর্তা ও গোয়েন্দা পুলিশের (ডিবি) রমনা জোনাল টিমের পরিদর্শক ইরফান খান আসলামের সাত দিনের রিমান্ড চেয়ে আদালতে আবেদন করেন।
রবিবার গভীর রাতে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে দেশত্যাগের চেষ্টাকালে আসলামকে আটক করে ইমিগ্রেশন পুলিশ। ডিবি কর্মকর্তারা জানান, সুইডেন আসলামের বিরুদ্ধে চাঁদাবাজিসহ বিভিন্ন অভিযোগে ডিএমপি কমিশনারের কার্যালয়ে অন্তত শতাধিক অভিযোগ জমা রয়েছে। এ ছাড়া তার বিরুদ্ধে অন্তত পাঁচটি টর্চার সেল পরিচালনার অভিযোগও রয়েছে। এসব অভিযোগের ভিত্তিতে পুলিশের তৎপরতা বেড়ে যাওয়ায় তিনি দেশ ছাড়ার চেষ্টা করেছিলেন।
উল্লেখ্য, ২০০১ সালে তৎকালীন সরকার যে ২৩ শীর্ষ সন্ত্রাসীর তালিকা প্রকাশ করেছিল, তাতে আসলাম ও টিটন- দুজনেরই নাম ছিল। ১৯৮৬-৮৭ সালের দিকে রাজধানীর রাজাবাজার ও ইন্দিরা রোড এলাকায় অপরাধজগতে আসলামের উত্থান ঘটে এবং নব্বইয়ের দশকে কারওয়ান বাজার, তেজগাঁও, তেজগাঁও শিল্পাঞ্চল ও শেরেবাংলা নগর এলাকার অপরাধজগতের নিয়ন্ত্রণ নিয়ে তিনি আলোচনায় আসেন। তার বিরুদ্ধে বিভিন্ন সময়ে নয়টি হত্যা মামলাসহ মোট ২২টি মামলা হয়েছিল এবং অস্ত্র মামলাসহ কয়েকটি মামলায় তার সাজা হয়। ১৯ বছরের বেশি সময় কারাভোগের পর ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর ওই বছরের ৩ সেপ্টেম্বর তিনি কারামুক্ত হন।
মামলার বিবরণ অনুযায়ী, নিহত টিটন ২০২৫ সালের ১৩ আগস্ট জামিনে কারামুক্ত হন। কারামুক্তির পর তিনি বড় ভাই খন্দকার সাঈদ আক্তার রিপনকে জানিয়েছিলেন যে তিনি স্বাভাবিক জীবনযাপন করতে চান। তবে গত ২৬ এপ্রিল টিটন তার বড় ভাইকে ফোনে জানান, বছিলা গরুর হাটের ইজারার শিডিউল নিয়ে এনামুল হাসান হেলাল ওরফে পিচ্চি হেলাল, বাদল ওরফে কিলার বাদল ওরফে কাইলা বাদল, শাহজাহান এবং রনি ওরফে ভাঙ্গারী রনির সঙ্গে তার বিরোধ চলছে। পরদিন ২৭ এপ্রিল টিটন জানান, তারা তাকে ডেকেছেন এবং সমঝোতার মাধ্যমে তিনি কাজ করবেন।
এরপর ২৮ এপ্রিল রাত ১১টার দিকে নিউমার্কেট থানাধীন শাহনেওয়াজ হলের সামনে বটতলা এলাকায় টিটনকে গুলি করা হয়। গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় ২৯ এপ্রিল টিটনের বড় ভাই রিপন বাদী হয়ে নিউমার্কেট থানায় অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে হত্যা মামলা করেন। এজাহারে অভিযোগ করা হয়, অজ্ঞাতনামা সাতজনের পরিকল্পনায় মোটরসাইকেলে আসা অস্ত্রধারী সন্ত্রাসীরা পূর্বশত্রুতার জেরে টিটনকে এলোপাতাড়ি গুলি করে হত্যা করে।



