ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় এক কয়েদি মারা গেছেন।
রবিবার (২২ নভেম্বর) সকালের দিকে হাসপাতালের ৬০২ নম্বর ওয়ার্ডে নুরুল হাসান ওরফে সুভাষ চন্দ্র মোহনকে (৫৬) কর্তব্যরত চিকিৎসক মৃত বলে জানান।
হাসান ওরফে সুভাষ বগুড়া সদর থানার ফুলবাড়ী এলাকার বাসিন্দা। কেরানীগঞ্জে ঢাকা কেন্দ্রীয় কারাগারে কয়েদি ছিলেন তিনি।
তাকে হাসপাতালে নিয়ে আসা কারারক্ষী আমিনুল ইসলাম বলেন, ‘‘গত ১৫ নভেম্বর কেন্দ্রীয় কারাগারে হাসান ‘হঠাৎ অসুস্থ হয়ে পড়েন’। এরপর কারা কর্তৃপক্ষের নির্দেশে আমিসহ অন্যরা তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসি। পরে চিকিৎসকদের পরামর্শে তাকে হাসপাতালের ৬০২ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়। সেখানে টানা এক সপ্তাহ চিকিৎসাধীন থাকার পর আজ সকালের দিকে তার মৃত্যু হয়।”
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. হাবিবুর রহমান জানিয়েছেন, ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে।
তিনি আরও বলেন, ‘‘হাসানের মৃত্যুর খবর কারা কর্তৃপক্ষকে জানানো হয়েছে। একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে সুরতহাল প্রতিবেদ শেষে ময়নাতদন্ত সম্পন্ন হবে। ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।’’



