খুলনা থেকে ঢাকাগামী দূরপাল্লার বাস চলাচল শুরু হয়েছে। তবে যাত্রীদের নিরাপত্তার কথা বিবেচনা করে বাসগুলো গোপালগঞ্জের পদ্মা সেতুর পথ ব্যবহার না করে যশোর ও আরিচা হয়ে ঢাকায় যাচ্ছে।
এদিকে শুক্রবার (২০ নভেম্বর) সকালে খুলনা থেকে ছেড়ে যায়নি পদ্মা সেতু হয়ে চলাচলকারী জাহানাবাদ এক্সপ্রেস ট্রেন।
জানা গেছে, বৃহস্পতিবার দিবাগত রাত ৯টার পর খুলনা থেকে ঢাকার উদ্দেশে কয়েকটি বাস ছেড়ে যায়। বাসগুলো গোপালগঞ্জের সড়ক এড়িয়ে যশোর, মাগুরা ও ফরিদপুর হয়ে আরিচা দিয়ে ঢাকায় যাচ্ছে। জরুরি প্রয়োজনে অনেক যাত্রী রাতেই বিকল্প পথে ঢাকার উদ্দেশে রওনা হন।
এর আগে গত ১৮ নভেম্বর বুধবার দুপুরের পর গোপালগঞ্জের বিভিন্ন স্থানে বাস ভাঙচুর ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। যাত্রী ও যানবাহনের নিরাপত্তার কথা বিবেচনা করে এরপর দূরপাল্লার বাস চলাচল বন্ধ করে দেন বাসমালিকরা।
খুলনার রয়্যাল মোড়ে সোহাগ পরিবহনের টিকিট বিক্রেতা মো. আব্দুল হান্নান বলেন, “বৃহস্পতিবার সন্ধ্যায় বাস চলাচলের সিদ্ধান্ত নেয় কর্তৃপক্ষ। এরপর রাতে কয়েকটি বাস আরিচা হয়ে ঢাকার উদ্দেশে ছেড়ে যায়। বাসগুলো যশোর, মাগুরা ও ফরিদপুর হয়ে ঢাকায় যাচ্ছে। তবে গোপালগঞ্জ হয়ে বাস চলাচলের বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি।”
গ্রীন লাইন পরিবহনের এক টিকিট বিক্রেতাও জানান, বৃহস্পতিবার সন্ধ্যার পর থেকে বাস চলাচল শুরুর খবর দেয় কর্তৃপক্ষ।
এদিকে বৃহস্পতিবার দুপুরে বাসমালিক সমিতি ও মোটর শ্রমিক ইউনিয়নের নেতাদের সঙ্গে বৈঠক করে জেলা প্রশাসন। বৈঠকে খুলনা মহানগর বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকও অংশ নেন। সেখানে পরিবহন চলাচল চালু রাখার সিদ্ধান্ত হয়।
খুলনা মোটরশ্রমিক ইউনিয়নের সভাপতি জাহিদ খান বলেন, “জেলা প্রশাসনের সভায় পরিবহন চলাচল বন্ধ রাখা যাবে না বলে সিদ্ধান্ত হয়েছে। তবে গোপালগঞ্জের পরিস্থিতি এখনো স্বাভাবিক হয়নি। এ কারণে বুধবার দুপুর থেকে দূরপাল্লার বাস চলাচল বন্ধ ছিল।”
তিনি আরও বলেন, “যাত্রীদের নিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়ে কয়েকটি পরিবহন বৃহস্পতিবার রাত থেকে যশোর ও আরিচা হয়ে ঢাকায় চলাচল করছে। জেলা প্রশাসনের সভায় গোপালগঞ্জের পথ এড়িয়ে যশোরের সড়ক ব্যবহারের সিদ্ধান্ত হয়েছে। পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত খুলনা থেকে ঢাকাগামী বাসগুলো যশোর-মাগুরা সড়ক ব্যবহার করবে।”
খুলনা রেলওয়ে স্টেশনের স্টেশনমাস্টার মো. জাকির হোসেন বলেন, “যাত্রীদের নিরাপত্তার কারণে শুক্রবার সকালে খুলনা থেকে পদ্মা সেতু হয়ে চলাচলকারী জাহানাবাদ এক্সপ্রেস ট্রেন ছাড়েনি। এর আগে বৃহস্পতিবার রাতেও ঢাকা থেকে খুলনার উদ্দেশে ট্রেনটি ছেড়ে আসেনি। ট্রেনটি বেনাপোল থেকে সরাসরি খুলনায় চলে আসে। শুক্রবার সকালে খুলনা থেকে ট্রেনটি না ছাড়ায় রাতে ঢাকা থেকে খুলনাগামী জাহানাবাদ এক্সপ্রেস চলাচলও বন্ধ থাকবে।”



