দেশের বিদ্যমান রাজনৈতিক পরিস্থিতি এবং মহান বিজয়ের মাস উপলক্ষে ৪০ দিনব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। আগামী ২১ নভেম্বর থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত ঢাকাসহ সারা দেশে সমাবেশ, মিছিল, আলোচনা সভা ও বিভিন্ন সামাজিক কার্যক্রম পরিচালনা করবে দলটি। পাশাপাশি বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক দিবস উপলক্ষেও পৃথক কর্মসূচি পালন করা হবে।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বিকেলে রাজধানীর মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার এ কর্মসূচি ঘোষণা করেন।
ঘোষিত কর্মসূচি অনুযায়ী, ২১ নভেম্বর সন্ত্রাস-নাশকতা ও আইনশৃঙ্খলা রক্ষায় সরকারের ব্যর্থতার প্রতিবাদে বাদ জোহর জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেটে সমাবেশ ও মিছিল করবে জামায়াত। ২৫ নভেম্বর একই দাবিতে ঢাকা ছাড়া দেশের ১১টি মহানগরীতে সমাবেশ ও মিছিল এবং একই দিন আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ দিবস উপলক্ষে দলের মহিলা বিভাগের উদ্যোগে ঢাকায় মানববন্ধন অনুষ্ঠিত হবে। এ ছাড়া ২৯ নভেম্বর ফিলিস্তিনের জনগণের সঙ্গে আন্তর্জাতিক সংহতি দিবস উপলক্ষে ঢাকায় আলোচনা সভা এবং ৩০ নভেম্বর আইনশৃঙ্খলা রক্ষায় সরকারের ব্যর্থতার প্রতিবাদে দেশব্যাপী উপজেলা ও থানা সদরে সমাবেশ ও মিছিল করা হবে।
ডিসেম্বর মাসের কর্মসূচির মধ্যে রয়েছে ২ ডিসেম্বর পোশাকশিল্পের অস্থিরতা ও সংকট সমাধানে ঢাকায় আলোচনা সভা, ৬ ডিসেম্বর স্বৈরাচার পতন ও কেয়ারটেকার সরকার দিবস উপলক্ষে আলোচনা সভা, ৯ ডিসেম্বর আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস উপলক্ষে আলোচনা সভা এবং ১০ ডিসেম্বর আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে আইনজীবীদের উদ্যোগে ঢাকায় আলোচনা সভা। এ ছাড়া ১৩ ডিসেম্বর ঢাকায় ব্যবসায়ী সম্মেলন এবং ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস পালন করা হবে।
মহান বিজয় দিবস উপলক্ষে ১৫ ডিসেম্বর ঢাকায় আলোচনা সভা এবং ১৬ ডিসেম্বর রাজধানীসহ দেশব্যাপী ‘বিজয় র্যালি’ করবে দলটি। এর পাশাপাশি ১৯ ডিসেম্বর শহীদ শরিফ ওসমান বিন হাদির শাহাদাতবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। একই বিষয়ে ২০ ডিসেম্বর চিকিৎসক, ২১ ডিসেম্বর প্রকৌশলী এবং ২৩ ডিসেম্বর মহিলা বিভাগের উদ্যোগে পৃথক আলোচনা সভা আয়োজন করা হবে।
কর্মসূচির শেষ অংশে ২৬ থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত সামাজিক কার্যক্রমের আওতায় দেশব্যাপী রক্তদান কর্মসূচি, মেডিক্যাল ক্যাম্প এবং যুদ্ধাহত ও অসচ্ছল বীর মুক্তিযোদ্ধাদের আর্থিক ও মানবিক সহায়তা প্রদান করা হবে।
সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান, হামিদুর রহমান আযাদ ও আবদুল হালিম, প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি এহসানুল মাহবুব জুবায়ের, ঢাকা মহানগর উত্তরের আমির সেলিম উদ্দিন এবং সেক্রেটারি রেজাউল করিম প্রমুখ।



