Thursday, November 19, 2026

সেকশন

English
Dhaka Tribune

ঢাকা ও গোপালগঞ্জসহ সাত জেলায় ৯৬ প্লাটুন বিজিবি মোতায়েন

বৃহস্পতিবার সকালে এ তথ্য জানিয়েছেন বিজিবির জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম 

আপডেট : ১৯ নভেম্বর ২০২৬, ১১:১৭ এএম

দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও জননিরাপত্তা নিশ্চিত করতে ঢাকা, গোপালগঞ্জসহ সাত জেলায় ৯৬ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি ২৭ প্লাটুন বিজিবি মোতায়েন রয়েছে গোপালগঞ্জে। এছাড়া আরও পাঁচ প্লাটুন বিজিবি সদস্য প্রস্তুত রাখা হয়েছে।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকালে বিজিবির জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম এ তথ্য জানান।

তিনি বলেন, “ঢাকা জেলায় ২৩ প্লাটুন, চট্টগ্রাম জেলায় ১৫ প্লাটুন, নারায়ণগঞ্জ জেলায় ৬ প্লাটুন, গাজীপুর জেলায় ১৫ প্লাটুন, গোপালগঞ্জ জেলায় ২৭ প্লাটুন, ময়মনসিংহ জেলায় ২ প্লাটুন এবং ফরিদপুর জেলায় ৩ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন রয়েছে। এছাড়া ৫ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েনের জন্য প্রস্তুত রয়েছে।”

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশক্রমে মোতায়েন বিজিবি সদস্যরা সংশ্লিষ্ট জেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী অন্যান্য বাহিনীর সঙ্গে সমন্বয়ের মাধ্যমে দায়িত্ব পালন করছেন।

সংশ্লিষ্ট জেলার গুরুত্বপূর্ণ স্থাপনা, শিল্পাঞ্চল এবং অন্যান্য স্থানে নিরাপত্তা ও নজরদারি জোরদারের পাশাপাশি যে কোনো ধরনের বিশৃঙ্খলা, সহিংসতা ও জননিরাপত্তার জন্য হুমকি এমন কর্মকাণ্ড প্রতিরোধে বিজিবি সদস্যরা সচেষ্ট রয়েছেন।

বিজিবির এই কর্মকর্তা জানান, মাঠপর্যায়ের পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণের লক্ষ্যে বিজিবি সদর দপ্তরের মনিটরিং সেল থেকে প্রযুক্তিনির্ভর নজরদারি অব্যাহত রয়েছে। এ লক্ষ্যে ড্রোন, বডি-ওর্ন ক্যামেরা এবং ইমপ্রোভাইজড ডিভাইসের মাধ্যমে প্রাপ্ত লাইভ ফুটেজ সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হচ্ছে।

তিনি আরও জানান, সীমান্তে নিয়মিত দায়িত্ব পালনের পাশাপাশি সংশ্লিষ্ট জেলাগুলোতে সর্বোচ্চ পেশাদারিত্ব ও শৃঙ্খলার সঙ্গে দায়িত্ব পালন করছেন বিজিবি সদস্যরা। সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা, স্বাভাবিক চলাচল নিশ্চিত করা এবং অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় প্রয়োজনীয় সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হচ্ছে।

   

About

Popular Links

x