ডেঙ্গু নিয়ে নতুন সতর্কবার্তা, ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি ১২৪

দেশজুড়ে ডেঙ্গুর প্রকোপ অব্যাহত রয়েছে। ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। একই সময়ে দেশের বিভিন্ন হাসপাতালে নতুন করে ভর্তি হয়েছেন ১২৪ জন ডেঙ্গুরোগী।

সোমবার (২৯ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরে এখন পর্যন্ত ডেঙ্গুতে মোট ১৮ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে দেশে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে হাজার ৯২৪ জনে।

২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হওয়া রোগীদের মধ্যে সবচেয়ে বেশি ৩৭ জন বরিশাল বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) এছাড়া চট্টগ্রাম বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ২৮ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে (ডিএনসিসি) ১৬ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে (ডিএসসিসি) ১৭ জন, খুলনা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ১৪ জন, সিলেট বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) আটজন, ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) দুজন এবং ময়মনসিংহ বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) দুজন ভর্তি হয়েছেন।

স্বাস্থ্য বিশেষজ্ঞরা ডেঙ্গু প্রতিরোধে মশার প্রজননস্থল ধ্বংস, বাসাবাড়ি আশপাশ পরিষ্কার রাখা এবং জ্বর বা ডেঙ্গুর উপসর্গ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়ার আহ্বান জানিয়েছেন।