নিখোঁজের ৩ দিন পর কাশবনে মিললো শিশুটির গলিত মরদেহ

ফরিদপুরের সদরপুর উপজেলায় নিখোঁজের তিন দিন পর কাশবন থেকে আট বছর বয়সী এক শিশুর গলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (২৯ জুন) দুপুর তিনটার দিকে উপজেলার চরনাছিরপুর ইউনিয়নের আড়িয়াল খাঁ নদের তীরবর্তী একটি কাশবন থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত শিশুটি (৮) সদরপুর উপজেলার চরনাছিরপুর ইউনিয়নের বাসিন্দা আব্দুর রশিদের ছেলে। সে স্থানীয় একটি কওমি মাদ্রাসার শিক্ষার্থী ছিল।

স্থানীয়রা এ ঘটনায় সন্দেহভাজন পাঁচজনকে গণপিটুনি দিয়ে পুলিশের হাতে তুলে দিয়েছে।

পরিবার সূত্রে জানা যায়, গত শুক্রবার (২৬ জুন) চন্দ্রপাড়া দরবারসংলগ্ন ট্রলারঘাটে মহররম উপলক্ষে আয়োজিত মেলায় ঘুরতে গিয়ে নিখোঁজ হয় শিশুটি। এরপর পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি চালালেও তার কোনো খোঁজ পাওয়া যায়নি।

সোমবার দুপুরে মেলায় থাকা একটি দোকানের কর্মচারী নিহত শিশুটির বোনকে ফোন করে মরদেহের অবস্থান সম্পর্কে জানায়। তার দেওয়া তথ্য অনুযায়ী পরিবারের সদস্যরা কাশবনে গিয়ে শিশুর মরদেহ দেখতে পান এবং পুলিশে খবর দেন। ঘটনার পর থেকেই ওই কর্মচারী পলাতক রয়েছে।

পরে স্থানীয়রা মেলার সঙ্গে সংশ্লিষ্ট কয়েকজনকে আটক করে গণপিটুনি দিয়ে পুলিশের কাছে সোপর্দ করে। 

খবর পেয়ে ভাঙ্গা সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. রেজোয়ান দীপু ও সদরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল আল মামুন শাহ ঘটনাস্থল পরিদর্শন করেন।

আব্দুল আল মামুন শাহ জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। এই ঘটনায় সন্দেহভাজন ৫ জনকে স্থানীয়রা গণপিটুনি দিয়ে পুলিশের হাতে তুলে দেয়। হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।