জগন্নাথ বিশ্ববিদ্যালয় মন্দিরের পুরোহিতকে কুপিয়েছে ছিনতাইকারীরা

জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মন্দিরের পুরোহিত সুভাষ দেউরীকে (২৫) ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করেছে ছিনতাইকারীরা।

সোমবার (২৯ জুন) রাত ১২টার দিকে রাজধানীর ওয়ারীর নারিন্দায় এই ঘটনা ঘটে। ঘটনার পর দীর্ঘ সময় রক্তাক্ত অবস্থায় রাস্তায় পড়ে থাকেন ওই পুরোহিত।

মঙ্গলবার (৩০ জুন) সকাল সাড়ে ৭টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে আনা হয়।

সুভাষ মাগুরার শ্রীপুর উপজেলার শ্যামল দেউরীর ছেলে। তিনি বর্তমানে নারিন্দা রোডের একটি ভাড়া বাসায় থাকেন।

সুভাষের বোন জয়া দেউরী জানান, তার ভাই ঢাকা সেন্ট্রাল ল কলেজের ছাত্র। কয়েক মাস ধরে তিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মন্দিরে সহকারী পুরোহিতের কাজ করছিলেন। ওই মন্দিরে প্রতিদিন পূজা অর্চনা করেন সুভাষ, মাস শেষে সেখান থেকে সম্মানী পান।

জয়া সংবাদমাধ্যমকে বলেন, “রাত ১টার দিকে আমি আমার ভাইকে ফোন দিই। তবে আমার ভাই না ধরে অজ্ঞাত এক ব্যক্তি ধরে আমাকে বলে ৩০ হাজার টাকা পাঠাতে। পরে ফোন কেটে দেয়। কিন্তু আমার কাছে তো অত টাকা ছিল না।

তিনি আরও বলেন, “পরিবারের অন্যদের বলার পর আমি জানতে পারি, সবার কাছেই নাকি টাকা চাওয়া হয়েছে। এরপর আমার ভাইয়ের নম্বর থেকে রাত আড়াইটার দিকে কল আসে এবং আমার ভাই কাঁদো কাঁদো স্বরে টাকা দিতে বলে। এও বলে যে টাকা না দিলে নাকি ওকে মেরে ফেলবে। এরপর অন্য একটি ফোন নম্বর দেওয়া হয় এবং রাতেই টাকা জোগাড় করে ওই নাম্বারে ২৬ হাজার টাকা পাঠানো হয়।”

সুভাষকে হাসপাতালে নিয়ে আসা রুমমেট দুর্জয় সাহা সংবাদমাধ্যমকে জানান, সুভাষ রাতে ওষুধ কেনার জন্য বাসা থেকে বের হলে একদল দুর্বৃত্ত ধারালো অস্ত্র নিয়ে তার ওপর অতর্কিতে হামলা চালায়। তার মাথা, হাত ও পায়ে গুরুতর জখম করে পালিয়ে যায়।

পরে দীর্ঘ সময় রক্তাক্ত অবস্থায় রাস্তায় পড়ে থাকার পর খবর পেয়ে সকালের দিকে তাকে উদ্ধার করে হাসপাতালে আনা হয়। তার অবস্থা আশঙ্কাজনক। মাথা ও শরীরের বিভিন্ন অংশে গভীর ক্ষত সৃষ্টি হয়েছে।

দুর্জয় আরও জানান, দুর্বৃত্তরা সুভাষের সঙ্গে থাকা মানিব্যাগ ও দুটি মোবাইল ফোন ছিনিয়ে নেয়। পরে ছিনতাই হওয়া মোবাইল ফোন দিয়ে তার বোনের কাছে ২০ হাজার টাকা মুক্তিপণও দাবি করা হয়।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, “পুরান ঢাকা থেকে সুভাষ দেউরী নামের এক পুরোহিতকে রক্তাক্ত অবস্থায় ঢাকা মেডিকেলে আনা হয়েছে। জরুরি বিভাগে তার চিকিৎসা চলছে। তার মাথা, হাত ও পায়ে গুরুতর জখম করেছে দুর্বৃত্তরা। চিকিৎসক জানিয়েছেন, তার অবস্থা গুরুতর। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।”