সংসদে পাস হলো ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট

জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের জন্য ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার জাতীয় বাজেট পাস হয়েছে।

মঙ্গলবার (৩০ জুন) কণ্ঠভোটে বাজেট অনুমোদনের মধ্য দিয়ে নতুন অর্থবছরের আর্থিক পরিকল্পনা চূড়ান্ত হয়। বুধবার (১ জুলাই) থেকে নতুন বাজেট কার্যকর হবে।

স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমের সভাপতিত্বে অনুষ্ঠিত সংসদ অধিবেশনে বাজেটটি পাস করা হয়। এর আগে সোমবার (২৯ জুন) কয়েকটি গুরুত্বপূর্ণ সংশোধনী যুক্ত করে অর্থবিল অনুমোদন দেওয়া হয়, যার মাধ্যমে কর, শুল্ক ও ভ্যাটসংক্রান্ত প্রস্তাবগুলোও চূড়ান্ত হয়।

সংশোধিত অর্থবিলে ব্যক্তিগত করমুক্ত আয়সীমা বাড়িয়ে ৪ লাখ টাকা নির্ধারণ করা হয়েছে। একই সঙ্গে আবাসন খাতে বিনা প্রশ্নে কালো টাকা বিনিয়োগের সুযোগ বাতিল করা হয়েছে। এছাড়া বেসরকারি বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজের করপোরেট কর ১০ শতাংশ থেকে কমিয়ে ৫ শতাংশ করা হয়েছে। খুচরা ব্যবসায়ীদের ওপর ভ্যাট আরোপের প্রস্তাবও প্রত্যাহার করা হয়েছে।

গত ১১ জুন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী জাতীয় সংসদে বাজেট প্রস্তাব উপস্থাপন করেন। এবারের বাজেটের প্রতিপাদ্য ছিল ‘গণতান্ত্রিক, মানবিক ও অন্তর্ভুক্তিমূলক অর্থনীতির অভিযাত্রা’।

নতুন বাজেটে উন্নয়ন ব্যয় ধরা হয়েছে ৩ লাখ ১৬ হাজার ৭৫ কোটি টাকা, যা বিদায়ী অর্থবছরের সংশোধিত উন্নয়ন বাজেটের তুলনায় প্রায় ৪৭ শতাংশ বেশি। অন্যদিকে খাদ্য হিসাব, ঋণ ও অগ্রিম, অভ্যন্তরীণ ও বৈদেশিক ঋণ পরিশোধ এবং কাঠামোগত সমন্বয় বাদে পরিচালন ব্যয় নির্ধারণ করা হয়েছে ৬ লাখ ৫ হাজার ৭৪০ কোটি টাকা, যা আগের সংশোধিত অনুন্নয়ন বাজেটের তুলনায় ৬ দশমিক ৭ শতাংশ বেশি।

পরিচালন ব্যয়ের মধ্যে সরকারের দেশি-বিদেশি ঋণের সুদ পরিশোধে বরাদ্দ রাখা হয়েছে ১ লাখ ২৭ হাজার কোটি টাকা। এছাড়া সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতার জন্য বরাদ্দ ধরা হয়েছে অন্তত ৮৯ হাজার ৩৮০ কোটি টাকা।

আগামী অর্থবছরে সরকারের রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৬ লাখ ৯৫ হাজার কোটি টাকা, যা বিদায়ী অর্থবছরের সংশোধিত রাজস্ব আয়ের তুলনায় ১৮ শতাংশ বেশি। পাশাপাশি বিদেশি অনুদান থেকে ৬ হাজার ১৫০ কোটি টাকা পাওয়ার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

নতুন বাজেটে মোট ঘাটতি ধরা হয়েছে ২ লাখ ৪৩ হাজার কোটি টাকা। এই ঘাটতি পূরণে অভ্যন্তরীণ উৎস থেকে ১ লাখ ২৭ হাজার কোটি টাকা এবং বিদেশি উৎস থেকে ১ লাখ ৫৫ হাজার ৮৫০ কোটি টাকা ঋণ নেওয়ার পরিকল্পনা করেছে সরকার।