টাঙ্গাইলের সখীপুরে নিখোঁজের একদিন পর বাড়ির পাশে একটি ডোবা থেকে পারভীন (৪৬) নামে এক বিধবা নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (১ জুলাই) সকালে সখীপুর হাসপাতাল গেইট এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত পারভীন সখীপুর পৌরসভার মৃত হুমায়ূন খানের স্ত্রী।
পরিবার সূত্রে জানা যায়, গত ২৯ জুন রাত সাড়ে ৯টার দিকে সাভারে চাকরিরত ছেলে ফাহাদের সঙ্গে মোবাইল ফোনে তার সর্বশেষ কথা হয়। পরদিন মঙ্গলবার সকাল থেকে ফাহাদসহ পরিবারের সদস্য ও স্বজনরা একাধিকবার ফোন করলেও কল রিসিভ করেননি। একই দিন সন্ধ্যায় ফাহাদ ঢাকা থেকে ফিরে সখীপুর থানায় সাধারণ ডায়েরি করেন। গতকাল রাত থেকেই পুলিশ ও পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খুঁজতে শুরু করেন। খোজাখুঁজির একপর্যায়ে আজ বুধবার সকালে বাড়ির পাশের একটি ডোবা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। পরিবারের দাবি, এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড।
এ ব্যাপারে টাঙ্গাইলের সখীপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) এ কে এম মামুনুর রশীদ জানান, সকালে ডোবা থেকে এক নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট এলে এ ঘটনার বিস্তারিত জানা যাবে। এ ঘটনার প্রকৃত রহস্য উদঘাটনে তদন্ত অব্যাহত আছে।