ভুয়া প্রবেশপত্র বানিয়ে এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ, ২ জনের অর্থদণ্ড

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় এআই দিয়ে ভুয়া প্রবেশপত্র বানিয়ে এইচএসসি পরীক্ষা দিতে এসে এক ভুয়া পরীক্ষার্থী ও তার সহযোগী আটক হয়েছেন। পরে তাদেরকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অর্থদণ্ড দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (২ জুলাই) দুপুরে কসবার তফজ্জল আলী ডিগ্রি কলেজ পরীক্ষা কেন্দ্রে এই ঘটনা ঘটে।

দণ্ডপ্রাপ্তরা হলেন- কসবা মহিলা ডিগ্রী কলেজের শিক্ষার্থী তাসফিয়া রহমান জান্নাত (১৮) এবং তার ফুফাতো ভাই ইনজামামুল হক (১৯)।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন কসবা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. তানজিল কবির।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, কসবা মহিলা ডিগ্রী কলেজের শিক্ষার্থী তাসফিয়া রহমান জান্নাত টেস্ট পরীক্ষায় অকৃতকার্য হয়েছিলেন। পরে জান্নাত তার ফুফাতো ভাই ইনজামামুল হকের সহযোগিতায় এসএসসি পরীক্ষার প্রবেশপত্রের ছবি দিয়ে এআই ব্যবহার করে এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণের জন্য একটি ভুয়া প্রবেশপত্র তৈরি করেন।

পরীক্ষা শুরু হওয়ার পর তফজ্জল আলী ডিগ্রি কলেজের অধ্যক্ষ এবং কেন্দ্র সচিব এ. কে. আজাদের বিষয়টি সন্দেহ হলে কুমিল্লা শিক্ষা বোর্ডের পরীক্ষা উপ-নিয়ন্ত্রককে অবগত করা হয়। পরে যাচাই শেষে প্রবেশপত্রটি ভুয়া প্রমাণিত হলে জান্নাত ও তার ফুফাতো ভাই ইনজামামুলকে আটক করা হয়।

পরে দুপুরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দুইজনকে ২০,০০০ টাকা করে মোট ৪০,০০০ টাকা জরিমানা করা হয়।

কসবা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তানজিল কবির জানান, দণ্ডপ্রাপ্তদের ভবিষ্যতে আর এমন কর্মকাণ্ডে জড়াবেন না মর্মে মুচলেকা নিয়ে পরিবারের জিম্মায় ছেড়ে দেওয়া হয়।