গোপালগঞ্জে কলা খাওয়ার লোভ দেখিয়ে মাদ্রাসা ছাত্রীকে (১০) ধর্ষণ চেষ্টা অভিযোগে সম্ভাব্য কাউন্সিলর প্রার্থীকে আটক করেছে পুলিশ।
শুক্রবার ৩ জুলাই) দুপুর ২ টার দিকে টুঙ্গিপাড়া উপজেলার ডুমুরিয়া ইউনিয়নের তারাইল গ্রামের সিমানার খাল সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। পরে ৯৯৯ এ অভিযোগ পেয়ে পুলিশ তাকে আটক করে ।
ধর্ষণ চেষ্টার শিকার শিশুটি টুঙ্গিপাড়া উপজেলার ডুমুরিয়া ইউনিয়নের চরগোপালপুর গ্রামের ছবুরুন্নেছা কওমি মহিলা মাদ্রাসার ২য় শ্রেণির ছাত্রী।
আর অভিযুক্ত জাকির হোসেন শেখ ওরফে জাকার শেখ (৬০) টুঙ্গিপাড়া পৌরসভার পাটগাতী সর্দারপাড়া গ্রামের বাসিন্দা । তিনি আগামী পৌর নির্বাচনে ৬ নং ওয়ার্ড থেকে কাউন্সিলর প্রার্থী হতে পোস্টার লাগিয়েছেন। এছাড়া ওই কাউন্সিলর প্রার্থী তারাইল সিমানার খাল সংলগ্ন এলাকায়ও বসবাস করেন।
টুঙ্গিপাড়া থানা ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার দুপুরে শিশুটি চাপকল থেকে পানি আনতে যায়। প্রতিবেশী জাকার শেখ কলা খাওয়ানোর লোভ দেখিয়ে তাকে ঘরে ডাকে নেয়। শিশুটি ঘরে গেলে তাকে ধর্ষণের চেষ্টা করে জাকার । একপর্যায়ে শিশুটির চিৎকার করে কাঁদতে থাকলে মা, বাবা সহ স্থানীয়রা এসে উদ্ধার করে। পরে এলাকাবাসী ৯৯৯ এ কল করে । পুলিশ এসে জাকার শেখকে আটক করে।
ধর্ষণচেষ্টার শিকার শিশুটির বাবা বলেন, “দুপুরে খাওয়ার সময় মেয়েকে চাপকল থেকে পানি আনতে বলি। সে পানি আনতে যায়। তাকে কলা খাওয়ানোর লোভ দেখিয়ে ঘরে ডেকে নিয়ে ধর্ষণের চেষ্টা করেন জাকার। চিৎকার ও কান্না শুনে আমরা তাকে উদ্ধার করি। আমরা তার দৃষ্টান্তমূলক শাস্তি চাই।“
টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আইয়ুব আলী বলেন, “৯৯৯ এ কল পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযুক্ত জাকার শেখকে আটক করে থানায় নিয়ে আসে। বর্তমানে তিনি পুলিশ হেফাজতে রয়েছে। আর আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।“