চট্টগ্রামের সীতাকুণ্ডে চুরির উদ্দেশ্যে একটি ঘরে ঢুকে জেলে সম্প্রদায়ের এক নারীকে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে রবিউল হোসেন নামে এক ব্যক্তির বিরুদ্ধে। এ ঘটনায় প্রাণনাশের ভয় দেখানো এবং গোপনে ধারণ করা ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকিরও অভিযোগ করেছেন ভুক্তভোগী।
বৃহস্পতিবার (২ জুলাই) গভীর রাতে উপজেলার বাড়বকুণ্ড ইউনিয়নের জেলেপাড়ায় এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী নারীর অভিযোগ, ঘটনার সময় তার স্বামী মাছ ধরতে সাগরে থাকায় তিনি ঘরে একা ছিলেন। সেই সুযোগে রবিউল হোসেন ঘরে প্রবেশ করে প্রথমে লাইট জ্বালিয়ে গোপনে ভিডিও ধারণ করেন। পরে গলায় ছুরি ধরে শ্লীলতাহানি ও ধর্ষণের চেষ্টা করেন। তিনি বাধা দিলে অভিযুক্ত ব্যক্তি বিষয়টি কাউকে জানালে ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দেন।
নারীর দাবি, প্রতিরোধের মুখে পালিয়ে যাওয়ার সময় অভিযুক্ত তার একটি মোবাইল ফোন এবং প্রায় পাঁচ হাজার টাকা নিয়ে যায়।
ভুক্তভোগীর স্বামী জানান, শুক্রবার সকালে সাগর থেকে ফিরে স্ত্রীর কাছ থেকে পুরো ঘটনা শুনে তিনি থানায় অভিযোগ করেন। তার অভিযোগ, পরিকল্পিতভাবে স্ত্রীকে একা পেয়ে ওই ব্যক্তি এ ঘটনা ঘটিয়েছে। এছাড়া অভিযুক্ত রবিউল হোসেনের বিরুদ্ধে এর আগেও এলাকায় বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে বলেও দাবি করেন তিনি।
সীতাকুণ্ড মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহিনুল ইসলাম বলেন, “প্রাথমিকভাবে পাওয়া তথ্যে চুরির উদ্দেশ্যে ঘরে ঢুকে নারীকে একা পেয়ে শ্লীলতাহানির চেষ্টা এবং একটি মোবাইল ফোন ও কিছু টাকা চুরির অভিযোগ পাওয়া গেছে। লিখিত অভিযোগের ভিত্তিতে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।“