চট্টগ্রামের রাউজান উপজেলায় প্রকাশ্য সড়কে গুলি করে মোহাম্মদ করিম (৩৬) নামের এক যুবককে হত্যা করেছে দুর্বৃত্তরা। ঘটনার পর দীর্ঘসময় তার মরদেহ সড়কের পাশেই পড়ে থাকতে দেখা যায়।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার উরকিরচর ইউনিয়নের কেরানিহাট এলাকায় এ ঘটনা ঘটে। নিহত করিম একই ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের হারপাড়া গ্রামের বাসিন্দা।
স্থানীয়দের বরাত দিয়ে জানা গেছে, কেরানিহাট-সংলগ্ন সড়কে অজ্ঞাত দুর্বৃত্তরা করিমকে গুলি করে দ্রুত পালিয়ে যায়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয় বলে জানা গেছে। স্থানীয় বাসিন্দাদের ধারণা, মাদক কারবারকে কেন্দ্র করেই এ হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে, কারণ নিহত করিম মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন বলে অভিযোগ রয়েছে।
নোয়াপাড়া পুলিশ ক্যাম্পের ইনচার্জ আনিসুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হচ্ছে। তিনি আরও জানান, নিহত করিমের বিরুদ্ধে ছয়-সাতটি মামলা রয়েছে বলে পুলিশের রেকর্ডে পাওয়া গেছে।
এদিকে রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম জানান, পুলিশ ঘটনাস্থলে অবস্থান করছে এবং হত্যাকাণ্ডের তদন্ত শুরু হয়েছে। হত্যার প্রকৃত কারণ ও জড়িতদের এখনো শনাক্ত করা যায়নি।



