রাজধানীর রূপনগর এলাকার একটি টিনশেড বাসা থেকে এক অজ্ঞাতপরিচয় নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) রাত আনুমানিক ৯টার দিকে রূপনগর থানাধীন বাসা-৩০, রোড-২, সেকশন-৫, রূপনগর টিনশেড এলাকার দোতলা একটি টিনশেড বাড়ির দ্বিতীয় তলার একটি কক্ষ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, কক্ষের ভেতর নারীর মরদেহ পড়ে থাকার খবর পেয়ে রূপনগর থানা পুলিশ ঘটনাস্থলে যায়। বর্তমানে সিআইডির ফরেনসিক টিম আলামত সংগ্রহের কাজ করছে। প্রাথমিক ধারণা অনুযায়ী, ওই নারীকে দুই থেকে তিন দিন আগে হত্যা করা হয়ে থাকতে পারে।
এ ঘটনায় নিহত নারীর পরিচয় এখনো শনাক্ত করা যায়নি। তার পরিচয় উদঘাটন ও মৃত্যুরহস্য জানতে পুলিশ তদন্ত শুরু করেছে। বর্তমানে ঘটনাস্থলে রূপনগর থানা পুলিশ ও সিআইডির ফরেনসিক টিম কাজ করছে এবং এ বিষয়ে থানায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
এ প্রসঙ্গে মিরপুর বিভাগের উপ-পুলিশ কমিশনার মোস্তাক আহমেদ বলেন, “খবর পেয়ে পুলিশ ও সিআইডির টিম ঘটনাস্থলে গিয়ে কাজ করছে। তবে এটি হত্যাকাণ্ড, আত্মহত্যা নাকি স্বাভাবিক মৃত্যু তা প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।“



