খুলনায় ভ্যানচালককে গলা কেটে হত্যা

খুলনার দিঘলিয়ায় সমীর ভট্ট (৪০) নামের এক ভ্যানচালককে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা।

শনিবার (৪ জুলাই) দিনগত রাত ৯টার দিকে দিঘলিয়া উপজেলার গাজীরহাট ইউনিয়নের মোল্লাডাঙ্গা এলাকা থেকে তার রক্তাক্ত মরদেহ উদ্ধার করে পুলিশ।

পুলিশ জানায়, হত্যাকাণ্ডস্থলের কিছু দূর থেকে নিহতের ব্যবহৃত ভ্যানটি উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ভ্যান ছিনতাইয়ের উদ্দেশ্যে এই হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে।

দিঘলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহ আলম জানান, স্থানীয় বাসিন্দাদের মাধ্যমে সমীর নামে এক ভ্যানচালকের মরদেহ পড়ে থাকার খবর পান তারা। পরে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে মরদেহ উদ্ধার করা হয়।

ওসি আরও জানান, নিহত ভ্যানচালকের বিষয়ে থানায় পূর্বে কোনো অভিযোগ বা শত্রুতার রেকর্ড পাওয়া যায়নি। ঘটনার সঙ্গে জড়িত অপরাধীদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনতে পুলিশি তৎপরতা অব্যাহত রয়েছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে।