টাঙ্গাইলে মাসুদ মিয়া (৪৫) নামের এক ব্যবসায়ীকে পিটিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। পুলিশ জানায়, প্রাথমিকভাবে এটি হত্যাকাণ্ড বলে ধারণা করা হচ্ছে।
রবিবার (৫ জুলাই) সকালে সদর উপজেলার মগড়া ইউনিয়নের কুইজবাড়ী এলাকা থেকে তার লাশ উদ্ধার করা হয়। নিহত মাসুদ ওই গ্রামের লাল মাহমুদের ছেলে।
স্থানীয় ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য ফরহাদ আলী জানান, ভোর সাড়ে ৫টার দিকে স্থানীয়রা মাসুদের মরদেহ দেখে আমাকে খবর দেয়। পরে গিয়ে ৯৯৯ এ ফোন করলে পুলিশ আসে। এটি নিঃসন্দেহে হত্যাকাণ্ড। কারণ তার এক কান কাটা ও মাথায় আঘাতের চিহ্ন রয়েছে।
এ ব্যাপারে টাঙ্গাইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মুক্তার আশরাফ উদ্দিন বলেন, “সকালে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহের সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে। শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে এটি হত্যাকাণ্ড বলে ধারণা করা হচ্ছে।”



