আনিস আলমগীর, সোমা ইসলামসহ ৬ জনের বিরুদ্ধে থানায় জিডি

জুলাই আন্দোলন নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আপত্তিকর মন্তব্য ও অপপ্রচারের অভিযোগে সাংবাদিক আনিস আলমগীর, উপস্থাপিকা সোমা ইসলাম, মডেল ও আইনজীবী জান্নাতুল ফেরদৌস পিয়াসহ ছয়জনের বিরুদ্ধে রাজধানীর শাহবাগ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।

রবিবার (৫ জুলাই) শাহবাগ থানার পরিদর্শক (তদন্ত) জাহাঙ্গীর আলম বিষয়টি সংবাদমাধ্যমকে নিশ্চিত করেন। 

এর আগে, শনিবার রাতে রাষ্ট্রসংলাপ ফোরাম নামের একটি সংগঠনের সদস্য মিল্লাত হোসেন শাহবাগ থানায় জিডিটি করেন বলেও জানান তিনি।

অভিযোগটি জিডি হিসেবে গ্রহণ করে তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে থানার উপ-পরিদর্শক (এসআই) আশরাফ আলীকে। যেহেতু অভিযোগটি সাইবার-সংক্রান্ত, তাই তদন্তকারী কর্মকর্তা এটি সাইবার ইউনিটে পাঠাতে পারেন বলে বিভিন্ন সংবাদমাধ্যমসূত্রে জানা গেছে।

সাংবাদিক আনিস আলমগীর, সোমা ইসলাম ও জান্নাতুল ফেরদৌস পিয়া ছাড়াও জিডিতে আরো তিনজনের নাম উল্লেখ করা হয়েছে।

তারা হলেন, সাবেক ছাত্রলীগ নেতা ও কলামিস্ট মোমিন মেহেদী, মডেল মারিয়া কিসপট্টা এবং মডেল ও অভিনেত্রী তুষ্টি।

অভিযোগে বলা হয়েছে, অন্তর্বর্তী সরকারের সময় গ্রেপ্তার, বর্তমানে জামিনে থাকা সাংবাদিক আনিস আলমগীর কারামুক্ত হওয়ার পর আওয়ামী লীগের বিভিন্ন সংগঠনের সঙ্গে মিলে জুলাই আন্দোলনকে ব্যাহত করতে বিভ্রান্তি ছড়ান।

আরেক সাংবাদিক সোমা ইসলামের বিরুদ্ধে অভিযোগ, তিনি বিভিন্ন টকশোতে জুলাই আন্দোলনকে তুচ্ছতাচ্ছিল্য করে আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা করেন।

ওই অভিযোগপত্রে আরো বলা হয়েছে, জান্নাতুল ফেরদৌস পিয়াসহ বাকিরা সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন  টকশোতে জুলাই আন্দোলন, আন্দোলনের অংশগ্রহণকারী এবং শহীদ ও আহতদের নিয়ে আপত্তিকর, বিভ্রান্তিকর ও কটূক্তিমূলক বক্তব্য দিয়েছেন। একইসঙ্গে আন্দোলনের ভাবমূর্তি ক্ষুণ্ন, অপপ্রচার চালানো এবং রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত কর্মকাণ্ডে জড়িত আছেন।

শাহবাগ থানার কর্তব্যরত অফিসার শহিদুল ইসলাম জানান, অভিযোগটি এখনো মামলা আকারে রেকর্ড হয়নি। ঊর্ধ্বতন কর্মকর্তারা বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেবেন বলেও সংবাদমাধ্যমকে জানান তিনি।