Sunday, July 05, 2026

সেকশন

English
Dhaka Tribune

কুমিল্লায় ফুটপাতে ঘুমিয়ে থাকা নারীকে ধর্ষণের ঘটনায় মামলা

অভিযুক্তের বিরুদ্ধে মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করেছে পুলিশ  

আপডেট : ০৫ জুলাই ২০২৬, ১২:৩১ পিএম

কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার বিজয়পুর বাজার এলাকায় ফুটপাতে ঘুমিয়ে থাকা এক নারীকে ধর্ষণের ঘটনায় মামলা দায়ের করা হয়েছে।

রবিবার (৫ জুলাই) মামলাটি দায়ের করেন বিজয়পুর বাজারের নৈশ্য প্রহরী আবুল কালাম।

এ ঘটনায় অভিযুক্ত মো. খোকনকে (৫০) আসামি করা হয়। পরে আটক খোকনকে গ্রেপ্তার দেখানো হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন সদর দক্ষিণ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুল ইসলাম।

এর আগে, গত ৩০ জুন ভোররাতে কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের বিজয়পুর বাজার এলাকায় একটি কনফেকশনারি দোকানের সামনে এ ঘটনা ঘটে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া সিসিটিভি ফুটেজে দেখা যায়, রাত ৪টা ৮ মিনিটের দিকে ফুটপাতে শুয়ে থাকা এক মধ্যবয়সী নারীকে সাদা শার্ট ও লুঙ্গি পরা এক ব্যক্তি ধর্ষণ করেন। ঘটনার পর অভিযুক্ত ব্যক্তি দ্রুত সেখান থেকে চলে যায়। কিছুক্ষণ পর বাজারের এক পাহারাদার ঘটনাস্থলে আসেন। 

এ ঘটনায় অভিযুক্ত হিসেবে সদর দক্ষিণ উপজেলার বিজয়পুর বাজারসংলগ্ন দুর্গাপুর এলাকার দুলা মিয়ার ছেলে মো. খোকন (৫০) কে শনাক্ত করে পুলিশ। পরে শনিবার সন্ধ্যায় তাকে জেলার বরুড়া উপজেলার ঝলম এলাকা থেকে আটক করে পুলিশ।

ওসি রকিবুল জানান, ঘটনাটি জানাজানি হলে অভিযুক্ত খোকন তার নিজ এলাকা থেকে পালিয়ে যায়। পরে তথ্য প্রযুক্তির সহযোগিতায় তাকে আটক করা হয়।

ওই নারীর পরিচয় পাওয়া গেছে কিনা এবং এই বিষয়ে কোনো অভিযোগ দায়ের হয়েছে কিনা এমন প্রশ্নে ওসি রকিবুল বলেন, “ওই নারী আমাদের হেফাজতে আছেন। তিনি মানসিক ভারসাম্যহীন ও বাক প্রতিবন্ধী। এজন্য তার কাছ থেকে পরিচয় জানার অবস্থা নেই। তবে সিআইডি টিমকে আমরা জানিয়েছি। তারা এসে ফিঙ্গার প্রিন্টের মাধ্যমে তার পরিচয় শনাক্তের কাজ করবেন।” 

তিনি আরও বলেন, “পরিচয় পাওয়া গেলে তাকে তার পরিবারের নিকট হস্তান্তর করা হবে। সেক্ষেত্রে পরিবারের কেউ অভিযোগ দায়ের করতে পারেন। এছাড়া যদি পরিচয় না পাওয়া যায় তাহলে বাজার কমিটির সভাপতি বা দায়িত্বশীল কেউ মামলার বাদি হবেন। তবে সেটি এখনও প্রক্রিয়াধীন।”  

   

About

Popular Links

x