মিয়ানমার সীমান্তে চলমান অস্থিরতা ও উত্তেজনার প্রেক্ষিতে সীমান্ত নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান।
রবিবার (৫ জুলাই) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই তথ্য নিশ্চিত করেন।
সম্প্রতি মিয়ানমারের সামরিক বাহিনী এবং আরাকান আর্মির মধ্যে চলমান সংঘাতের ফলে সীমান্তের এপারে বসবাসরত বাংলাদেশি নাগরিকদের মধ্যে নতুন করে উদ্বেগের সৃষ্টি হয়েছে।
নতুন করে রোহিঙ্গা অনুপ্রবেশের ঝুঁকি তৈরি হওয়ার বিষয়ে সরকারের অবস্থান জানতে চাইলে পররাষ্ট্রমন্ত্রী বলেন, “সীমান্ত পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে এবং সীমান্তে নজরদারি ইতিমধ্যে বৃদ্ধি করা হয়েছে।”
আরাকান আর্মি প্রধান আহত হয়ে বাংলাদেশে চিকিৎসা নিচ্ছেন বলে বিভিন্ন মহলে গুঞ্জন শোনা যাচ্ছে। এ বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে কোনো তথ্য আছে কি না জানতে চাইলে ড. খলিলুর রহমান বলেন, “এই বিষয়টি সম্পর্কে মন্ত্রণালয়ের কাছে কোনো তথ্য নেই।”