বান্দরবানের সব পর্যটনকেন্দ্র বন্ধ ঘোষণা

টানা বর্ষণ ও জেলার ২টি নদীতে পানি বৃদ্ধি ও পাহাড়ধসের কারণে দুর্ঘটনা এড়াতে বান্দরবানের সব পর্যটনকেন্দ্র বন্ধ ঘোষণা করেছে জেলা প্রশাসন।

সোমবার (৬ জুলাই) রাতে জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. সানিউল ফেরদৌস স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়েছে, সাম্প্রতিক সময়ে বান্দরবান পার্বত্য জেলায় অব্যাহত ভারী বর্ষণের কারণে বিভিন্ন স্থানে যোগাযোগ ব্যবস্থায় ঝুঁকির সম্ভাবনা সৃষ্টি হয়েছে। বিদ্যমান আবহাওয়াজনিত পরিস্থিতি ও সম্ভাব্য ঝুঁকি বিবেচনায় পর্যটক ও জনসাধারণের জানমালের নিরাপত্তা নিশ্চিতকল্পে বান্দরবান পার্বত্য জেলার সকল পর্যটন কেন্দ্র আগামী ১০ জুলাই ২০২৬ তারিখ (শুক্রবার) পর্যন্ত বন্ধ ঘোষণা করা হলো।

ওই বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে, আগামী শুক্রবার পর্যন্ত বান্দরবান পার্বত্য জেলার সকল পর্যটন কেন্দ্র, ঝর্ণা, পাহাড়ি ট্রেইল, নদীপথ, দুর্গম এলাকা ও ঝুঁকিপূর্ণ স্থানে পর্যটক, ট্যুর অপারেটরসহ সর্বসাধারণের ভ্রমণ নিষিদ্ধ থাকবে। সংশ্লিষ্ট সকলকে এ বিষয়ে প্রয়োজনীয় সতর্কতা অবলম্বনসহ জেলা প্রশাসনের নির্দেশনা যথাযথভাবে প্রতিপালনের জন্য অনুরোধ করা হলো।

গত কয়েকদিন ধরে টানা প্রবল বৃষ্টিপাত, একইসঙ্গে জেলার সাঙ্গু ও মাতামুহুরি নদীতে পানি বৃদ্ধি পাওয়ার কারণে বন্যা ও পাহাড়ধসের আশংকায় স্থানীয়দের নিরাপদ আশ্রয়ে নিতে জেলাটির ৭টি উপজেলায় ১২০টি আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে।