বরগুনায় পল্লী বিদ্যুতের সাবস্টেশনে আগুন, ৬৭ হাজার গ্রাহক বিদ্যুৎহীন

বরগুনা সদর উপজেলায় পল্লী বিদ্যুতের একটি গ্রিড সাবস্টেশনে আগুন লাগার ঘটনায় প্রায় ৬৭,০০০ গ্রাহক বিদ্যুৎহীন হয়ে পড়েছেন। 

সোমবার (৬ জুলাই) রাত সাড়ে ১০টার দিকে সদর উপজেলার দুই নম্বর গৌরীচন্না ইউনিয়নের খেজুরতলা এলাকার ৩৩/১১ কেভি গ্রিড সাবস্টেশনে এ ঘটনা ঘটে।

আগুনে সাবস্টেশনের গুরুত্বপূর্ণ যন্ত্রাংশ ও বিদ্যুৎ সঞ্চালন লাইনের ক্ষতি হওয়ায় সদর উপজেলার ১০টি ইউনিয়নে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে। 

পটুয়াখালী পল্লী বিদ্যুৎ সমিতির অধিন বরগুনা জোনাল অফিসের উপ-মহাব্যবস্থাপক (ডিজিএম) মোহাম্মদ নাজমুল হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয় ও পল্লী বিদ্যুৎ সমিতি সূত্রে জানা গেছে, রাত সাড়ে ১০টার দিকে সাবস্টেশন থেকে বিকট শব্দ শোনা যায়। এরপরই সেখানে আগুন লাগে। মাত্র এক থেকে দুই মিনিটের আগুনে সাবস্টেশনের ছয় নম্বর ফিডারসহ বিভিন্ন বৈদ্যুতিক সংযোগ ও গুরুত্বপূর্ণ যন্ত্রাংশ পুড়ে যায়। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

খবর পেয়ে পল্লী বিদ্যুতের প্রকৌশলী ও কারিগরি কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে ক্ষতিগ্রস্ত যন্ত্রাংশ পরীক্ষা এবং মেরামতের কাজ শুরু করেন। 

ডিজিএম মোহাম্মদ নাজমুল হাসান বলেন, “রাতে অফিসে থাকা অবস্থায় হঠাৎ বিকট শব্দের পর বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়। ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, ১১ কেভি এসিআর বিস্ফোরণের কারণে বিদ্যুৎ সঞ্চালন ব্যবস্থা ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া বিভিন্ন তার ও যন্ত্রাংশ পুড়ে গেছে।”  

মেরামতের কাজ শুরু করা হয়েছে জানিয়ে মোহাম্মদ নাজমুল হাসান বলেন, “সব যন্ত্রাংশ পরীক্ষা করা হচ্ছে। যে যন্ত্রাংশ ক্ষতিগ্রস্ত হয়েছে, সেটি পটুয়াখালী থেকে এনে প্রতিস্থাপন করতে হবে। যত দ্রুত সম্ভব বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করার চেষ্টা চলছে। আজ সন্ধ্যার মধ্যে পরিস্থিতি স্বাভাবিক হওয়ার আশা করা হচ্ছে।”

সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অভ্যন্তরীণ কারিগরি ত্রুটির কারণে বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত নিশ্চিতভাবে কারণ বলা যাচ্ছে না।