চট্টগ্রামে টানা অতি বৃষ্টি ও বৈরী আবহাওয়ার কারণে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে নামতে না পেরে ঢাকায় ফিরে এসেছে তিনটি ফ্লাইট। অধিকাংশ ফ্লাইট স্বাভাবিক সময়ের তুলনায় ৩০ মিনিট থেকে ১ ঘণ্টা পর্যন্ত বিলম্বে পরিচালিত হচ্ছে।
মঙ্গলবার (৭ জুলাই) চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহিম খলিল বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, বৈরী আবহাওয়ার কারণে ইউএস-বাংলা এয়ারলাইনসের আবুধাবি থেকে চট্টগ্রামগামী ফ্লাইট বিএস-৩৫০ অবতরণ করতে না পেরে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ডাইভার্ট হয়ে অবতরণ করে। এছাড়া সংযুক্ত আরব আমিরাতের শারজাহ বিমানবন্দর থেকে এয়ার আরাবিয়ার থেকে চট্টগ্রামগামী ফ্লাইট জি ৯-৫২৬ একই কারণে ডাইভার্ট হয়ে ঢাকায় অবতরণ করে।
অন্যদিকে, বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ঢাকা থেকে চট্টগ্রামগামী ফ্লাইট বিজি-১২১ চট্টগ্রামে অবতরণ সম্ভব না হওয়ায় পুনরায় ঢাকায় ফিরে যায়।
প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহিম খলিল বলেন, “বর্তমানে বিমানবন্দর এলাকায় বাতাসের গতিবেগ ঘণ্টায় ৮০ থেকে ৯০ কিলোমিটার। আবহাওয়া পরিস্থিতির উন্নতি সাপেক্ষে ফ্লাইট চলাচল স্বাভাবিক হবে।”
ফ্লাইট বিলম্ব ও ডাইভার্ট হওয়ার কারণে যাত্রীদের মধ্যে কিছুটা ভোগান্তি সৃষ্টি হয়েছে। যাত্রীদের সর্বশেষ ফ্লাইট সূচি জানতে সংশ্লিষ্ট এয়ারলাইনসের সঙ্গে যোগাযোগ রাখার পরামর্শ দিয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষ।