বিড়ি চাওয়ার জেরে এসিড ছুড়ে দগ্ধ করলো ৩ জনকে

নেত্রকোনার পূর্বধলা উপজেলায় একটি বিড়ি চাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষের জেরে এসিড নিক্ষেপের ঘটনায় তিনজন দগ্ধ হয়েছেন। এ ঘটনায় ভুক্তভোগী এক তরুণের মা বাদী হয়ে এসিড অপরাধ দমন আইনে মামলা দায়ের করেছেন। পুলিশ জানিয়েছে, অভিযুক্তদের গ্রেপ্তারে অভিযান চলছে।

মঙ্গলবার (৭ জুলাই) পূর্বধলা থানায় দায়ের করা মামলায় উপজেলার নিজামপুর গ্রামের বাসিন্দা শামীম মিয়া (১৮) ও সাগর মিয়াকে (২১) আসামি করা হয়েছে।

এসিডে দগ্ধ ব্যক্তিরা হলেন নারান্দিয়া ইউনিয়নের ইয়ারন গ্রামের শাকিল (১৮), তুলাবাইদ গ্রামের সিরাজ মিয়া (৪৫) এবং একই ইউনিয়নের গৌরাঙ্গ (৬০)।

মামলার এজাহার ও পুলিশ সূত্রে জানা গেছে, শাকিলসহ কয়েকজন স্থানীয় বিভিন্ন গাছ থেকে জাম সংগ্রহ করে বাজারে বিক্রি করে জীবিকা নির্বাহ করেন। গত ৫ জুলাই শাহবাজপুর বাজারে অবস্থানকালে শামীম মিয়া শাকিলের কাছে একটি বিড়ি চান। এ সময় কথাকাটাকাটির একপর্যায়ে শাকিল শামীমকে চড় মারেন। পরে দুজনের মধ্যে হাতাহাতি শুরু হলে স্থানীয়রা তাদের আলাদা করে দেন এবং উভয় পক্ষ ঘটনাস্থল ত্যাগ করে।

অভিযোগ অনুযায়ী, কিছুক্ষণ পর শাকিল শাহবাজপুর বাজারে একটি কাপড়ের দোকানে অবস্থান করছিলেন। এ সময় শামীম তাদের জুয়েলারি দোকানে ব্যবহৃত এসিড একটি গ্লাসে এনে শাকিলের ওপর নিক্ষেপ করেন। এতে শাকিলের মুখমণ্ডলসহ শরীরের বিভিন্ন অংশ ঝলসে যায়। একই সঙ্গে পাশে থাকা সিরাজ মিয়া ও গৌরাঙ্গও এসিডে দগ্ধ হন।

স্থানীয়রা আহতদের উদ্ধার করে প্রথমে নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে ভর্তি করেন। পরে শাকিলের শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন জানান, শাকিলের মা এসিড অপরাধ দমন আইনে মামলা করেছেন। মামলায় শামীম ও সাগরকে আসামি করা হয়েছে। অভিযুক্তদের গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে। পাশাপাশি ঘটনাস্থল পরিদর্শন করে ঘটনার তদন্তও শুরু হয়েছে।