বৈরী আবহাওয়ার কারণে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বড়পর্দায় ২০২৬ ফিফা বিশ্বকাপের ম্যাচ সম্প্রচার সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। ফলে আজ আর্জেন্টিনার ম্যাচসহ কোনো ম্যাচই বড়পর্দায় উপভোগ করতে পারবেন না ফুটবলপ্রেমীরা।
মঙ্গলবার (৭ জুলাই) সন্ধ্যায় আয়োজকদের পক্ষ থেকে দেওয়া এক জরুরি বিজ্ঞপ্তিতে জানানো হয়, টানা বৃষ্টি ও প্রতিকূল আবহাওয়ার কারণে দর্শকদের নিরাপত্তার বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আজকের সব আয়োজন স্থগিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
আয়োজকদের ভাষ্য, আবহাওয়া স্বাভাবিক হলে আগামী বুধবার থেকে পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাঁচটি ভেন্যুতেই আবার বড়পর্দায় বিশ্বকাপের প্রতিটি ম্যাচ সম্প্রচার করা হবে।
এর আগে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে এবং বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সার্বিক সহযোগিতায় অ্যাথলেট স্পোর্টস গিয়ার এর আয়োজনে ক্যাম্পাসের পাঁচটি স্থানে বড়পর্দায় বিশ্বকাপের ম্যাচ দেখার ব্যবস্থা করা হয়েছিল। ভেন্যুগুলো হলো টিএসসি, হাজী মুহম্মদ মুহসীন হল খেলার মাঠ, কবি জসীম উদ্দীন হল খেলার মাঠ, জগন্নাথ হল উপাসনালয় এবং ড. মুহম্মদ শহীদুল্লাহ হল খেলার মাঠ।
এদিকে আয়োজকরা সবাইকে বৈরী আবহাওয়ায় অপ্রয়োজনে বাইরে বের না হওয়ার অনুরোধ জানিয়েছেন। একই সঙ্গে তারা আশা প্রকাশ করেছেন, আবহাওয়া অনুকূলে ফিরলে বুধবার থেকে আগের মতোই বড়পর্দায় বিশ্বকাপের ম্যাচ দেখার আয়োজন পুনরায় চালু হবে।