বৃষ্টি নিয়ে নতুন বার্তা দিলো আবহাওয়া অফিস

মৌসুমি বায়ু এবং উত্তর বঙ্গোপসাগরে বিরাজমান আবহাওয়াগত অবস্থার কারণে আগামী ৫ দিন দেশের অধিকাংশ এলাকায় বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টির প্রবণতা অব্যাহত থাকতে পারে। 

এ সময় দেশের বিভিন্ন স্থানে মাঝারি থেকে ভারী, কোথাও কোথাও অতি ভারী বর্ষণেরও আশঙ্কা রয়েছে। তবে ৫ দিন পর বৃষ্টিপাতের প্রবণতা ধীরে ধীরে কমে আসবে বলে ধারণা করছে আবহাওয়া অধিদপ্তর। 

মঙ্গলবার (৭ জুলাই) আবহাওয়া অধিদপ্তরের উপপরিচালক মো. শাহীনুল ইসলাম স্বাক্ষরিত পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে। 

আবহাওয়া অধিদপ্তর থেকে প্রকাশিত আগামী ১২০ ঘণ্টার পূর্বাভাসে জানানো হয়, দক্ষিণ ঝাড়খণ্ড ও তৎসংলগ্ন ওডিশা এলাকায় অবস্থান করা মৌসুমি স্থল নিম্নচাপটি উত্তর-পশ্চিম দিকে সরে বর্তমানে পূর্ব মধ্যপ্রদেশ ও পার্শ্ববর্তী এলাকায় অবস্থান করছে। এটি আরও পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে ক্রমান্বয়ে দুর্বল হতে পারে। 

তবে এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় বায়ুচাপের পার্থক্য বেশি থাকায় মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে প্রবল অবস্থায় রয়েছে।

আবহাওয়া অধিদপ্তর বলছে, এই পরিস্থিতিতে রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের বিভিন্ন এলাকায় দমকা হাওয়া ও বজ্রসহ বৃষ্টি হতে পারে। 

এছাড়াও- খুলনা, বরিশাল, চট্টগ্রাম, সিলেট, ময়মনসিংহ ও রংপুর বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। ভারী বৃষ্টির কারণে নিচু এলাকায় সাময়িক জলাবদ্ধতা এবং পাহাড়ি অঞ্চলে ভূমিধসের শঙ্কা রয়েছে।