টানা ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে সৃষ্ট বন্যার কারণে খাগড়াছড়ির দীঘিনালা বিদ্যুৎ উপকেন্দ্র (সাবস্টেশন) বন্ধ করে দিয়েছে কর্তৃপক্ষ। এর ফলে বুধবার (৮ জুলাই) সকাল ১০টা থেকে দীঘিনালা উপজেলা ও সাজেক পর্যটন এলাকার বিদ্যুৎ সরবরাহ সম্পূর্ণ বন্ধ রয়েছে। এতে কয়েক হাজার গ্রাহক, স্থানীয় বাসিন্দা, ব্যবসায়ী এবং পর্যটক চরম ভোগান্তিতে পড়েছেন।
স্থানীয় সূত্র জানায়, টানা বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের পানিতে দীঘিনালা সাবস্টেশনের ট্রান্সফরমারের আশপাশ দ্রুত তলিয়ে যেতে শুরু করে। বিদ্যুৎ ব্যবস্থার নিরাপত্তা নিশ্চিত করতে তাৎক্ষণিকভাবে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখার সিদ্ধান্ত নেয় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
দীঘিনালা প্রেসক্লাবের সভাপতি আল আমিন জানান, বুধবার সকাল ১০টা থেকে পুরো এলাকায় বিদ্যুৎ নেই। দীর্ঘ সময় বিদ্যুৎ না থাকায় সাধারণ মানুষের দৈনন্দিন জীবনযাত্রার পাশাপাশি ব্যবসা-বাণিজ্য ও বিভিন্ন সেবামূলক কার্যক্রম ব্যাহত হচ্ছে। বৃষ্টির তীব্রতা কিছুটা কমলেও পাহাড়ি ঢলের পানি এখনো বাড়ছে।
দীঘিনালা বিদ্যুৎ উপকেন্দ্রের উপসহকারী প্রকৌশলী মো. এরশাদ আলী বলেন, “পাহাড়ি ঢলের পানি ট্রান্সফরমারের একেবারে কাছাকাছি পৌঁছে যাওয়ায় নিরাপত্তার স্বার্থে উপকেন্দ্রটি বন্ধ রাখা হয়েছে। পরিস্থিতির উন্নতি এবং পানি নেমে গেলে প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা শেষে পুনরায় বিদ্যুৎ সরবরাহ চালু করা হবে।“