টানা অতিবর্ষণে রাঙ্গামাটিতে দুর্যোগ পরিস্থিতির আরও অবনতি হয়েছে। জেলার বিভিন্ন স্থানে পাহাড়ধস, সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হওয়া এবং নদীর পানি বৃদ্ধি পাওয়ায় বহু মানুষ নিরাপদ আশ্রয়ে সরে গেছেন।
জেলা প্রশাসনের সর্বশেষ তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার (৯ জুলাই) বিকেল ৪টা পর্যন্ত জেলার ৩৪টি আশ্রয়কেন্দ্রে ৪ হাজার ২৬৫ জন আশ্রয় নিয়েছেন।
আশ্রয়কেন্দ্রগুলোতে বর্তমানে মোট ৪ হাজার ২৬৫ জন অবস্থান করছেন। আশ্রয় নেওয়া সবাইকে প্রতিদিন তিন বেলা খাবার, বিশুদ্ধ পানি ও প্রয়োজনীয় সহায়তা দেওয়া হচ্ছে।
জেলা প্রশাসনের তথ্যমতে, এখন পর্যন্ত ১০০টি স্থানে পাহাড়ধসের ঘটনা ঘটেছে। এর মধ্যে কাপ্তাইয়ে ১৫টি, বাঘাইছড়িতে ৩টি, কাউখালীতে ৩০টি, রাঙামাটি সদরে ১৩টি, বিলাইছড়িতে ৩৭টি এবং নানিয়ারচরে ২টি স্থানে পাহাড়ধসের খবর পাওয়া গেছে। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মধ্যে পানি বিশুদ্ধকরণ ট্যাবলেটও বিতরণ করা হয়েছে।
বিলাইছড়ি উপজেলা প্রশাসনের তথ্যমতে, উপজেলায় ১৪টি আশ্রয়কেন্দ্রের মধ্যে বর্তমানে ৪টি আশ্রয়কেন্দ্রে ১২২ জন আশ্রয় নিয়েছেন। এছাড়া এক বহিরাগত ব্যবসায়ী বুধবার থেকে নিখোঁজ রয়েছেন। নতুন করে অন্য কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
এদিকে, রাঙ্গামাটি সদর উপজেলার মগবান ইউনিয়নের দলমনি চাকমা গত ৭ জুলাই নদী পারাপারের সময় স্রোতে ভেসে নিখোঁজ হন। বৃহস্পতিবার তার মরদেহ উদ্ধার করা হয়েছে।
অন্যদিকে, বাঘাইছড়ি-মারিশ্যা-দিঘীনালা সড়কের ৩ কিলোমিটার এলাকায় রাস্তা ধসে যাওয়ায় যানবাহন চলাচল সম্পূর্ণ বন্ধ রয়েছে।
জেলা প্রশাসক নাজমা আশরাফী আশ্রয়কেন্দ্রগুলো নিয়মিত পরিদর্শন করছেন। জেলা প্রশাসন, স্থানীয় প্রশাসন ও স্বেচ্ছাসেবীরা সার্বক্ষণিক দুর্যোগ মোকাবিলা এবং আশ্রয়কেন্দ্রে থাকা মানুষের নিরাপত্তা ও প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করতে কাজ চলমান রেখেছেন।