টানা ভারী বৃষ্টিতে রাঙ্গামাটির কাপ্তাই উপজেলার চন্দ্রঘোনা-বাঙালহালিয়া সড়ক ও রাঙামাটি সদর উপজেলার সাপছড়ি এলাকায় দুটি গুরুত্বপূর্ণ সড়কে পাহাড়ধসের ঘটনায় যান চলাচল ব্যাহত হয়েছে। তবে সড়ক বিভাগ জানিয়েছেন, বর্তমানে সড়ক ২ টিতে যান চলাচল স্বাভাবিক হয়েছে।
বৃহস্পতিবার (৯ জুলাই) সকাল ৬টার দিকে চন্দ্রঘোনা-বাঙ্গালহালিয়া সড়কের মতিপাড়া এলাকায় পাহাড় ধসে যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়।
এদিকে বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে রাঙ্গামাটি-চট্টগ্রাম সড়কের সাপছড়ি এলাকায়ও পাহাড়ধসের ঘটনা ঘটে। এতে কিছু সময়ের জন্য সড়ক যোগাযোগ বন্ধ হয়ে যায়। পরে রাঙ্গামাটি সড়ক ও জনপদ বিভাগের তৎপরতায় সড়কের ওপর থেকে আংশিক মাটি অপসারণ করে এক পাশ দিয়ে যানবাহন চলাচলের ব্যবস্থা করা হয়। তবে সড়কের মাটি সরিয়ে নিতে আরো কিছু সময় লাগবে।
রাঙামাটি সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী সবুজ চাকমা বলেন, “টানা ভারী বৃষ্টির কারণে সাপছড়ি এলাকায় পাহাড় ধসে সড়ক যোগাযোগ বন্ধ হয়েছিল। তাৎক্ষণিকভাবে মাটি সরিয়ে যান চলাচলের ব্যবস্থা করা হয়েছে। বর্তমানে সড়ক যোগাযোগ সচল আছে।”
তিনি আরো জানান, চন্দ্রঘোনা-বাঙ্গালহালিয়া সড়কেও পাহাড় ধসে যান চলাচল বন্ধ ছিলো । বর্তমানে ঐ সড়কে দিয়ে সিএনজি অটোরিকশা চলাচল করছে।



