বংশালে মোটর পার্টসের দোকানে বিস্ফোরণে নিহত ১

রাজধানীর বংশালের একটি মোটর পার্টসের দোকানে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দেলওয়ার হোসেন (৩৫) নামে এক ব্যবসায়ী নিহত হয়েছেন। এ ঘটনায় নাজমুল হোসেন (৩৩) নামে আরও একজন গুরুতর দগ্ধ হয়েছেন।

শুক্রবার (১০ জুলাই) মুকিম বাজার রোডের শিয়া গলি এলাকায় ভোর আনুমানিক সাড়ে ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

ওই দোকানের কর্মচারী মো. হামিদুল ইসলাম জানান, ভোরে মোটর পার্টসের দোকানে হঠাৎ বিস্ফোরণের ঘটনা ঘটে। এ সময় দোকানে থাকা একটি ভারী কিছু দেলওয়ার হোসেনের মাথার ওপর পড়লে তিনি গুরুতর আঘাত পান এবং সেইসঙ্গে তিনি অগ্নিদগ্ধ হন।

হামিদুল ইসলাম আরও জানান, বিস্ফোরণের পরপরই ফায়ার সার্ভিসকে খবর দেয় আশপাশের লোকজন। পরে দেলওয়ার ও নাজমুলকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যাওয়া হলে চিকিৎসক দেলওয়ারকে মৃত ঘোষণা করেন।  

নিহত দেলওয়ার হোসেন যশোরের শার্শা থানার আব্দুল খালেকের ছেলে। তিনি বংশাল এলাকায় মোটর পার্টসের ব্যবসা করতেন। তিনি এক সন্তানের জনক ছিলেন।

অন্যদিকে দগ্ধ নাজমুল হোসেন দেলওয়ারের খালাতো ভাই। তিনি বর্তমানে ঢামেক হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন রয়েছেন। চিকিৎসকরা জানিয়েছেন, বর্তমানে তার অবস্থা আশঙ্কামুক্ত।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, নিহত দেলওয়ারের মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ঘটনাটি বংশাল থানাকে অবগত করা হয়েছে।