টানা বর্ষণ ও জেলার দুই নদীতে পানি বৃদ্ধি এবং পাহাড়ধসের কারণে দুর্ঘটনা এড়াতে বান্দরবানের সব পর্যটন কেন্দ্র বন্ধ ঘোষণা করে ১৫ জুলাই পর্যন্ত ভ্রমণ নিষেধাজ্ঞা জারি করেছে জেলা প্রশাসন।
শুক্রবার (১০ জুলাই) রাতে জেলা প্রশাসনের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
জেলা প্রশাসক (ডিসি) মো. সানিউল ফেরদৌস জানান, সাম্প্রতিক সময়ে বান্দরবান পার্বত্য জেলায় অব্যাহত ভারী বর্ষণের কারণে বিভিন্ন স্থানে যোগাযোগ ব্যবস্থায় ঝুঁকির সম্ভাবনা সৃষ্টি হয়েছে। বিদ্যমান আবহাওয়াজনিত পরিস্থিতি ও সম্ভাব্য ঝুঁকি বিবেচনায় পর্যটক ও জনসাধারণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে বান্দরবান পার্বত্য জেলার সকল পর্যটন কেন্দ্র আগামী ১৫ জুলাই ২০২৬ (বুধবার) পর্যন্ত বন্ধ ঘোষণা করা হলো।
তিনি আরও জানান, আগামী বুধবার পর্যন্ত বান্দরবান পার্বত্য জেলার সকল পর্যটন কেন্দ্র, ঝরনা, পাহাড়ি ট্রেইল, নদীপথ, দুর্গম এলাকা ও ঝুঁকিপূর্ণ স্থানে পর্যটক, ট্যুর অপারেটরসহ সর্বসাধারণের ভ্রমণ নিষিদ্ধ থাকবে। সংশ্লিষ্ট সকলকে এ বিষয়ে প্রয়োজনীয় সতর্কতা অবলম্বনসহ জেলা প্রশাসনের নির্দেশনা যথাযথভাবে প্রতিপালনের জন্য অনুরোধ করা হলো।
গত কয়েকদিন ধরে টানা প্রবল বৃষ্টিপাতের কারণে জেলার সাঙ্গু ও মাতামুহুরি নদীতে পানি বৃদ্ধি পায়। এর ফলে বান্দরবানের সঙ্গে চট্টগ্রাম ও রাঙ্গামাটির সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে। বন্যা ও পাহাড়ধসের আশংকায় স্থানীয়দের নিরাপদে আশ্রয় নিতে জেলার ৭টি উপজেলায় ২২০টি আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে।