১৫ জুলাই পর্যন্ত বন্ধ থাকবে বান্দরবানের সব পর্যটনকেন্দ্র

টানা ভারী বৃষ্টি ও সম্ভাব্য প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকির কারণে বান্দরবানে পর্যটকদের ভ্রমণ নিষেধাজ্ঞার মেয়াদ আরও বাড়ানো হয়েছে। আগামী ১৫ জুলাই পর্যন্ত জেলার সব পর্যটনকেন্দ্র বন্ধ থাকবে। একই সঙ্গে পর্যটকদের ভ্রমণেও নিষেধাজ্ঞা বহাল রেখেছে জেলা প্রশাসন।

শুক্রবার (১০ জুলাই) বিকেলে জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সানিউল ফেরদৌস স্বাক্ষরিত এক জরুরি গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এর আগে শুক্রবার পর্যন্ত এই নিষেধাজ্ঞা কার্যকর ছিল।

গণবিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি ভারী বর্ষণের কারণে জেলার বিভিন্ন স্থানে যোগাযোগব্যবস্থা বিঘ্নিত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। পাশাপাশি সম্ভাব্য প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকি বিবেচনায় ৯ জুলাই জারি করা আগের গণবিজ্ঞপ্তির সময়সীমা বাড়িয়ে ১৫ জুলাই পর্যন্ত করা হয়েছে।

এ সময়ের মধ্যে জেলার সব পর্যটনকেন্দ্র, ঝরনা, পাহাড়ি ট্রেইল, নদীপথ, দুর্গম এলাকা এবং অন্যান্য ঝুঁকিপূর্ণ স্থানে পর্যটক ও সাধারণ মানুষের প্রবেশ এবং ভ্রমণ সম্পূর্ণভাবে নিষিদ্ধ থাকবে। জেলা প্রশাসন জনসাধারণকে এ নির্দেশনা মেনে চলার আহ্বান জানিয়েছে।