দেশের জলভিত্তিক পর্যটনের বিকাশ এবং হাওর অঞ্চলের পরিবেশ সংরক্ষণের বার্তা নিয়ে রাজধানীর আগারগাঁওয়ে চলছে তিন দিনব্যাপী বাংলাদেশ হাউজবোট মেলা। এবারের মেলায় অংশ নিয়েছে ১২০টির বেশি হাউজবোট প্রতিষ্ঠান।
বৃহস্পতিবার (৯ জুলাই) বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের শৈলপ্রপাত হলে এই মেলার উদ্বোধন করা হয়।
হাউজবোট ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (এইচওএবি) আয়োজিত এ মেলা চলবে আগামী শনিবার (১১ জুলাই) পর্যন্ত।
উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের পরিচালক আবু সেলিম মাহমুদ-উল হাসান বলেন, দেশের হাওর অঞ্চলের প্রাকৃতিক পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষা করেই পর্যটনের বিকাশ ঘটাতে হবে।
অনুষ্ঠানে হাউজবোট ওনার্স অ্যাসোসিয়েশন বাংলাদেশের সভাপতি আরাফাত হোসেন বলেন, জলভিত্তিক পর্যটনের প্রসারের পাশাপাশি হাওরের পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় সচেতনতা তৈরি করাও এ আয়োজনের অন্যতম লক্ষ্য।
পরিবেশবান্ধব হাউজবোট পর্যটনের মাধ্যমে টাঙ্গুয়ার হাওর, কাপ্তাই লেকসহ দেশের জলাভূমিগুলোকে দেশি-বিদেশি পর্যটকদের কাছে আকর্ষণীয় পর্যটন গন্তব্য হিসেবে তুলে ধরার ওপর গুরুত্বারোপ করেন বক্তারা।
একইসঙ্গে টেকসই পর্যটন শিল্প গড়ে তুলতে সরকারি-বেসরকারি সমন্বিত উদ্যোগের আহ্বান জানান তারা। এ ধরনের আয়োজন দেশের পর্যটন খাতকে আরও সমৃদ্ধ করবে এবং হাওর অঞ্চলের অর্থনৈতিক সম্ভাবনা সম্প্রসারণে ভূমিকা রাখবে বলেও আশাবাদ ব্যক্ত করেন অতিথিরা।



