এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে যেন নদী, পুলিশের সতর্কবার্তা

রাজধানীর কাকলী, বনানী, মিরপুর, খিলক্ষেতসহ বিমানবন্দর সড়কের বিভিন্ন অংশে টানা বৃষ্টিতে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। 

ফলে রবিবার (১২ জুলাই) সকাল থেকেই অফিসগামী মানুষ ও শিক্ষার্থীদের তীব্র যানজটে পড়তে হচ্ছে।

এর মধ্যে এলিভেটেড এক্সপ্রেসওয়ের বনানী র‍্যাম্পের সামনে বৃষ্টির পানি জমায় যানবাহন আটকে দীর্ঘ সারির সৃষ্টি হয়েছে। 

এ পরিস্থিতিতে সতর্কতামূলক এক বিজ্ঞপ্তিতে অপ্রয়োজনীয় যাতায়াত পরিহারের আহ্বান জানিয়েছে পুলিশের গুলশান ট্রাফিক বিভাগ।

ট্রাফিক পুলিশের গুলশান বিভাগ সতর্কতামূলক ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, টানা ভারী বর্ষণের ফলে এলিভেটেড এক্সপ্রেসওয়ের বনানী র‍্যাম্পের নিচের অংশসহ খিলক্ষেত এবং মহানগরের বিভিন্ন নিচু এলাকায় ব্যাপক জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। এর প্রভাবে সংশ্লিষ্ট সড়কগুলোতে যানবাহনের চলাচল ধীরগতির রয়েছে এবং কয়েকটি স্থানে যানজট তৈরি হয়েছে।

বিশেষ করে কাকলী মোড়ে এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে নেমে আসা যানবাহন এবং নিচের সড়কে চলাচলকারী যানবাহনকে অতিরিক্ত সতর্কতার সঙ্গে চলাচল করতে হচ্ছে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

এছাড়া ট্রাফিক পুলিশ মোটরযান চালক ও পথচারীদের অপ্রয়োজনীয় ভ্রমণ পরিহার, জলাবদ্ধ এলাকায় ধীরগতিতে গাড়ি চালানো, নিরাপদ দূরত্ব বজায় রাখা, সম্ভব হলে বিকল্প সড়ক ব্যবহার এবং ট্রাফিক পুলিশের নির্দেশনা মেনে চলার আহ্বান জানিয়েছে।