Saturday, July 11, 2026

সেকশন

English
Dhaka Tribune

মগবাজার গ্রিডে আগুন, অন্ধকারে রাজধানীর একাধিক এলাকা

কয়েক ঘণ্টা ধরে চরম ভোগান্তিতে পড়েন হাজারো গ্রাহক

আপডেট : ১১ জুলাই ২০২৬, ০৮:৫৯ পিএম

রাজধানীর মগবাজারে অবস্থিত একটি বিদ্যুৎ উপকেন্দ্রে অগ্নিকাণ্ডের ঘটনায় ঢাকার একাধিক এলাকায় বিদ্যুৎ সরবরাহে বিঘ্ন ঘটেছে। এতে কয়েক ঘণ্টা ধরে চরম ভোগান্তিতে পড়েন হাজারো গ্রাহক।

শনিবার (১১ জুলাই) দুপুরে মগবাজার বিদ্যুৎ উপকেন্দ্রে আগুন লাগার খবর পেয়ে তেজগাঁও ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

অগ্নিকাণ্ডের ফলে কারওয়ান বাজার, তেজগাঁও, বাংলামোটর, মগবাজার, নিউ ইস্কাটন, কাকরাইল ও শেরেবাংলা নগরসহ আশপাশের বিভিন্ন এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়। পরে বিকল্প ব্যবস্থায় অধিকাংশ এলাকায় বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করা হলেও কিছু এলাকায় দীর্ঘ সময় বিদ্যুৎহীন অবস্থা বিরাজ করে।

ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানির (ডিপিডিসি) প্রধান প্রকৌশলী মোহাম্মদ তারিকুল হক জানান, মগবাজার উপকেন্দ্রে "ফ্ল্যাশিং" হওয়ার পর দুটি সার্কিট ব্রেকার ও কয়েকটি কেবল ক্ষতিগ্রস্ত হয়। এর ফলে তেজগাঁও এলাকার প্রায় ৪০ হাজার গ্রাহকের বিদ্যুৎ সরবরাহ সাময়িকভাবে বন্ধ হয়ে যায়। পরে বিকল্প সংযোগের মাধ্যমে অধিকাংশ গ্রাহকের বিদ্যুৎ পুনঃস্থাপন করা হয়।

তিনি আরও জানান, বাংলামোটর এলাকার তিনটি ফিডারের আওতায় থাকা প্রায় ১৫ থেকে ১৬ হাজার গ্রাহকের বিদ্যুৎ সরবরাহও বিঘ্নিত হয়েছিল। তবে পর্যায়ক্রমে সেখানেও বিদ্যুৎ ফিরিয়ে আনা হয়েছে।

ডিপিডিসির তথ্য অনুযায়ী, বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্স ও কারওয়ান বাজারের ব্যবসায়িক এলাকায় বিকেল ৫টার মধ্যে বিদ্যুৎ সরবরাহ চালু করা হয়েছে। পরিস্থিতি অনুকূলে থাকলে রাত ১০টার মধ্যে ক্ষতিগ্রস্ত সব এলাকায় বিদ্যুৎ সরবরাহ পুরোপুরি স্বাভাবিক করার চেষ্টা চলছে।

   

About

Popular Links

x