বাস চাপায় মসজিদের ইমাম নিহত, সড়কে লাশ রেখে বিক্ষোভ

রংপুর নগরীতে বাস চাপায় আবুল কাশেম নামে স্থানীয় মসজিদের ইমাম নিহত হয়েছেন। এই ঘটনায় বিক্ষুব্ধ জনতা নিহতের লাশ মহাসড়কে রেখে বিক্ষোভ করেছে। 

সেইসঙ্গে বাসটিতে তাৎক্ষণিকভাবে আগুন ধরিয়ে দেয় এবং ভাঙচুর করে বিক্ষুব্ধ এলাকাবাসী। এ ঘটনায় রংপুর-ঢাকা মহাসড়কে এক ঘণ্টা যান চলাচল বন্ধ ছিল। 

রবিবার (১২ জুলাই) সকাল ৯টার দিকে মর্ডান মোড় এলাকার তুলা গবেষণা কেন্দ্রের কাছে এ দুর্ঘটনা ঘটে।

তাজহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। ‍তিনি জানান, নিহত ইমাম আবুল কাশেমের বাড়ি মর্ডান মোড় এলাকার মিলনপাড়া গ্রামে।

পুলিশ ও প্রত্যাক্ষদর্শীরা জানায়, সকাল ৯টার দিকে ঢাকা থেকে ছেড়ে আসা আরএম স্পেশাল নামে নাইট কোচ রংপুরে আসার সময় নগরীর তুলা গবেষণা কেন্দ্রের কাছে পথচারী আবুল কাশেমকে চাপা দেয়। তিনি ওই সময় সড়ক পার হচ্ছিলেন। এ ঘটনা জানাজানি হলে এলাকাবাসি বিক্ষুব্ধ হয়ে বাসটিতে ভাঙচুর করে আগুন ধরিয়ে দেয়। এতে বাসের কিছু অংশ পুড়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা এসে আগুন নেভায়।

এ সময় রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বহনকারী দোতলা বাস আটক করে ভাংচুরের চেষ্টা করা হয় বলে অভিযোগ পাওয়া গেছে।

এছাড়া, স্থানীয় দৈনিক আমাদের প্রতিদিন পত্রিকার স্টাফ রিপোর্টার শরিফুল ইসলামের মোবাইল ফোন কেড়ে নেওয়া হয়। শরিফুল অভিযোগ করে জানান, তিনি বাসে আগুন দেওয়ার ছবি তার মোবাইল ফোনে ধারণ করছিলেন।

তাজহাট থানার ওসি আরও জানান, খবর পেয়ে দ্রুত ঘটনা স্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে পুলিশ। এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। বাসটিকে আটক করা হয়েছে।