Saturday, September 05, 2026

সেকশন

English
Dhaka Tribune

স্বামীর মোটরসাইকেলে ওড়না প্যাঁচিয়ে স্ত্রীর মৃত্যু

ময়নাতদন্ত ছাড়াই জুলেখা খাতুনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে

আপডেট : ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৪ পিএম

ময়মনসিংহের ত্রিশালে মোটরসাইকেলের চাকায় ওড়না প্যাঁচিয়ে জুলেখা খাতুন (৪০) নামে এক নারীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় তার স্বামী ফারুক আহমেদ আহত হয়েছেন।

শনিবার (৫ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে ত্রিশাল উপজেলার বইলর কানহর এলাকায় মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত জুলেখা খাতুন ফুলবাড়িয়া উপজেলার আছিম এলাকার বাসিন্দা ফারুক আহমেদের স্ত্রী। বিষয়টি নিশ্চিত করেছেন নিহতের স্বামীর বড় ভাই মো. শাহিন।

প্রত্যক্ষদর্শীরা জানান, স্বামী-স্ত্রী মোটরসাইকেলে করে ময়মনসিংহের দিকে যাচ্ছিলেন। পথে বইলর কানহর এলাকায় পৌঁছালে অসাবধানতাবশত জুলেখা খাতুনের গলায় থাকা ওড়না মোটরসাইকেলের চাকায় প্যাঁচিয়ে যায়। এতে তিনি মোটরসাইকেল থেকে ছিটকে মহাসড়কে পড়ে গুরুতর আহত হন। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

দুর্ঘটনায় আহত ফারুক আহমেদকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে।

খবর পেয়ে ত্রিশাল থানার উপপরিদর্শক (এসআই) আকরাম হোসেনের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করে।

পুলিশ জানায়, পরিবারের কোনো আপত্তি না থাকায় ময়নাতদন্ত ছাড়াই জুলেখা খাতুনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

   

About

Popular Links

x