রাজধানীতে চাকরির ইন্টারভিউ দেওয়ার উদ্দেশ্যে বের হয়ে কুড়িল রেলগেট এলাকায় ট্রেনের ধাক্কায় রাকিব (২৮) নামে এক যুবক নিহত হয়েছেন।
রবিবার (১২ জুলাই) সকাল ৭টার দিকে কুড়িল বিশ্বরোডের রেলগেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত রাকিব রাজধানীর কুড়িল বিশ্বরোড এলাকায় থাকতেন। তার বাড়ি ভোলার দৌলতখান উপজেলার চর খলিফা গ্রামে। তার বাবার নাম মফিজুল ইসলাম।
তাকে হাসপাতালে নিয়ে আসা পথচারী আবু রায়হান সংবাদমাধ্যমকে বলেন, “সকাল ৭টার দিকে কুড়িল বিশ্বরোডের রেলগেট পার হচ্ছিলেন ওই যুবক। এ সময় কমলাপুর থেকে ছেড়ে আসা বিমানবন্দরগামী একটি ট্রেনের ধাক্কায় গুরুতর আহত হয়ে রাস্তায় পড়ে থাকেন তিনি। পরে বিষয়টি দেখতে পেয়ে আমি তাকে প্রথমে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে যাই। সেখানে তার অবস্থার অবনতি হলে দ্রুত তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসি। সেখানে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।”
তিনি আরও জানান, এরই মধ্যে যুবকটির মোবাইল ফোনে কল আসলে তার বাবার সঙ্গে আমার কথা হয়। ফোনের মাধ্যমে যুবকের নাম ও তাদের দেশের বাড়ি ঠিকানা আমি জানতে পারি। পরে তার বাবাকে দ্রুত ঢামেক হাসপাতালে আসতে বলি। তার বাবার কাছ থেকে জানতে পারি, তিনি একটি চাকরির ইন্টারভিউ দেওয়ার জন্য বাসা থেকে বের হয়েছিলেন।
ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ফারুক চিকিৎসকের বরাত দিয়ে জানান, মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি রেলওয়ে থানা পুলিশকে জানানো হয়েছে।